এনামুল-মমিনুলের মনে টেস্টের রং
দিন কয়েক আগের কথা। কীভাবে যেন গুজব ছড়িয়ে পড়ল, আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিতে চায় এনামুল হককে। শুনে আকাশ থেকে পড়লেন এনামুল,‘কই কিছু শুনিনি তো!’ সঙ্গে আবার যোগ করলেন, ‘গুজবটা যদি সত্যি হতো, কী দারুণই না হতো!’সেই এনামুল এখন টেস্ট ক্যাপ মাথায় তোলার অপেক্ষায়। ডাক পেয়েছেন শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ টেস্ট দলে। তো আইপিএলের ডাক নাকি টেস্ট ক্যাপ—কোনটি বেশি কাঙ্ক্ষিত? এবার এনামুলের আরেকবার আকাশ থেকে পড়ার পালা, ‘কি যে বলেন, দুটোর কী তুলনা হয়! টেস্ট খেলতে পারার মতো ভালো কিছু একজন ক্রিকেটারের জন্য আর হতে পারে না। টেস্ট ক্যাপ পাওয়া হবে স্বপ্ন পূরণের মতো।’ আবেগ বা স্বপ্ন-জাতীয় কিছু আবার খুব বেশি আলোড়িত করে না মমিনুল হককে। তবে টেস্ট ক্রিকেট নিয়ে ভাবনাটা এই তরুণ ব্যাটসম্যানেরও একই, ‘যেদিন থেকে সিরিয়াসলি ক্রিকেট খেলতে শুরু করেছি, ভেবেছি ক্রিকেটারই হব, সেদিন থেকে টেস্ট ক্রিকেটই খেলতে চেয়েছি। তবে ওয়ানডে দলে ডাক পাওয়ার সময় যেমন বলেছিলাম, এখনো সেটাই বলছি, খুব রোমাঞ্চিত নই। দলে ডাক পেয়েছি, এখন টিকে থাকাটাই আসল।’বাংলাদেশের ক্রিকেট আঙিনায় দুজনের আবির্ভাব ও বেড়ে ওঠা প্রায় হাত ধরাধরি করেই। বয়সভিত্তিক বিভিন্ন দল, একাডেমি দলে খেলেছেন, একসঙ্গে খেলেছেন ২০১০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুজনের আন্তর্জাতিক অভিষেকও একই সঙ্গে। টেস্ট স্কোয়াডে প্রথমবার ডাক পেলেনও এক সঙ্গেই। এনামুলকে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টে ডাকা হয়েছিল চোট পাওয়া তামিম ইকবালের ‘বিকল্প’ হিসেবে। তবে মূল স্কোয়াডে ডাক এবারই প্রথম। সেটির অভিন্ন প্রতিক্রিয়াতেও টেস্ট ক্রিকেটের প্রতি আনুগত্যটা জানিয়ে দিলেন দুজন। এমনিতে এই ‘আনুগত্য’ নিয়ে প্রশ্ন ওঠার কারণ নেই। কিন্তু ক্রিকেটের হাওয়া যে এখন বদলে গেছে! অনেক তরুণ ক্রিকেটারের স্বপ্নই এখন আইপিএলে খেলা। ফ্রিল্যান্স ক্রিকেটার হয়ে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় খেললে এক মৌসুমে যা আয় করা যায়, জাতীয় দলে এক যুগ খেলেও সম্ভব না অনেকের ক্ষেত্রে। এনামুল-মমিনুল তো এই যুগেরই ক্রিকেটার। গত বিপিএলের নিলামে দুজন নিয়েই ছিল কাড়াকাড়ি, মিলেছে উচ্চমূল্যও (এনামুল ১ লাখ ২১ হাজার ডলার, মমিনুল ১ লাখ ২৭ হাজার)। টেস্ট ক্রিকেট নিয়ে আবেগ-উচ্ছ্বাসও তাই সংশয়ের কাঁটা বিঁধিয়ে দেয় মনে। এনামুল শুনে হাসলেন, ‘লোক দেখানো ভালো বলছি না, মনের কথাই বলছি। বিশ্বাস করুন, টি-টোয়েন্টিতে ব্যাট করতে আমার অত ভালো লাগে না। শুধু মারতে হয়, অনেক ঝুঁকি নিতে হয়, যখন-তখন আউট হতে হয়। আমার আউট হতে ভালো লাগে না। আমার শুধু লম্বা সময় ধরে ব্যাটিং করে যেতে ভালো লাগে। প্রচুর রান করতে ভালো লাগে। ৫০-৬০ করে আউট হতে খুব খারাপ লাগে। আমি ২০০-৩০০ করতে চাই। বোলার বাউন্সার মারবে, আমি বসে পড়ব। ভালো বল ঠেকাব, বাজে বল মারব—এসবের মজাই আলাদা। সবাই বলে টেস্ট ক্রিকেট সত্যিকারের চ্যালেঞ্জ, আর আমার চ্যালেঞ্জ নিতেই ভালো লাগে।’এমন ব্যাখ্যার পর এনামুলের কথা অবিশ্বাস করা কঠিন! মমিনুল অবশ্য প্রথাগত ধ্যানধারণা দিয়েই টেস্টের প্রতি ভালোবাসা বোঝাতে চাইলেন, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন পরীক্ষা, এর মর্যাদাই অন্য রকম। টেস্টের পারফরম্যান্সটাই সবাই বিবেচনায় নেয়। শচীন-লারার মতো ব্যাটসম্যানরা নিজেদের আলাদা প্রমাণ করেছে তো টেস্টের পারফরম্যান্সেই।’ দুজন দুজনের গুণমুগ্ধও। মমিনুলের বিশ্বাস, সাকিব-তামিমের পর বাংলাদেশের পরবর্তী মহাতারকা হতে যাচ্ছেন এনামুল। আর মমিনুলকে নিয়ে এনামুলের রসিকতামিশ্রিত স্বীকৃতি, ‘অনেক দিন একসঙ্গে খেলেছি বলেই জানি, ও কত ভালো ব্যাটসম্যান। আমি শুধু ওকে নিয়ে একটা কথাই বলি—হাইট কম, ফাইট বেশি!’