এনামুলের আদ্যন্ত ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর এনামুল  সৌজন্য ছবি
সেঞ্চুরির পর এনামুল সৌজন্য ছবি

শিরোপা নিশ্চিত হয়েছে দ্বিতীয় দিনেই। জয় দিয়ে শেষটাকে মধুরেণ সমাপয়েৎ করতে শেষ দিনে আজ ঢাকা বিভাগের দরকার মাত্র ১২৮ রান। দ্বিতীয় ইনিংসে খুলনাকে ২৩২ রানে অলআউট করে ২২৪ রানের লক্ষ্য পেয়েছে সাত বছর পর শিরোপা ফিরে পাওয়া দলটি। অনিয়মিত ওপেনার দিদারের উইকেটটি হারিয়ে কালই ৯৬ রান তুলে ফেলেছে ঢাকা।
তবে ঢাকার কেউ নন, কক্সবাজারে কাল সবচেয়ে উজ্জ্বল মুখ খুলনার এনামুল হক (বিজয়)। দ্বিতীয় ইনিংসে আদ্যন্ত ব্যাট করেছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। জাতীয় লিগে ইনিংসের আদ্যন্ত ব্যাট করা মাত্র তৃতীয় ব্যাটসম্যান এনামুল। প্রথম শ্রেণীর ক্রিকেটে অষ্টম সেঞ্চুরির (১১৯*) ইনিংসটা সাজানো ৯ চার ও ৫ ছয়ে। ১৯৬ রানে খুলনার যখন নবম উইকেট পড়ে, এনামুল তখন সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে। এনামুল সেঞ্চুরি তো পেয়েছেনই, করেছেন শেষ উইকেটে মোস্তাফিজের সঙ্গে ৩৬ রানের জুটির সব কটি রানই।
চট্টগ্রামে হারের মুখে আছে রাজশাহী। প্রথম ইনিংসে ৮১ রানের লিড পাওয়া দলটিকে হার এড়াতে করতে হবে আরও ১৫১ রান। হাতে উইকেট ৪টি। রাজশাহীর ভরসা, তাদের বিখ্যাত লেজের ব্যাটিং যে মাত্রই শুরু হলো! এর আগে ঢাকা মহানগর থেমেছে ৩৫২ রানে। ২৬৮ রানেই নয় উইকেট হারিয়ে ফেলার পর ইলিয়াস সানি (৫৫*) ও তালহা জুবায়ের (৩৬) যোগ করেছেন ৮৪ রান।
বিকেএসপিতে সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের মুমিনুল হক। ২০ চারে ২৩৫ বলে ১৬৮ রান জাতীয় দলের ব্যাটসম্যানের। তাঁর দল দ্বিতীয় ইনিংসে ৪১৫ রানে ইনিংস ঘোষণা করে সিলেটকে ৪৩৯ রানের লক্ষ্য দিয়েছে। ১ উইকেটে ৬৪ রান তোলা সিলেট এখনো পিছিয়ে ৩৭৪ রানে। দলটির অফ স্পিনার সাদিকুর রহমান দ্বিতীয় ইনিংসে ৭টিসহ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।

ফতুল্লায় টানা দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছেন রংপুরের তানভীর হায়দার। রংপুর ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে ৫৪৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা: ২৪৩ ও ২৩২ (এনামুল ১১৯*, ইমরুল ৩৮, নিজামউদ্দিন ৩১; তাইবুর ৩/৪০, শুভাগত ৩/৫৯, অপু ৩/৬৩, মাসুম ১/৩৬)। ঢাকা বিভাগ: ২৫২ ও ৯৬/১ (রনি ৪৫*, তাইবুর ৩২*)।

রাজশাহী-ঢাকা মহানগর, চট্টগ্রাম

ঢাকা মহানগর: ১২৬ ও ৩৫২ (সৈকত ৯৫, সাদমান ৮৫, ইলিয়াস ৫৫*, আসিফ ৫৪, তালহা ৩৬; তাইজুল ৫/৮৩, সানজামুল ২/৬৩, সাব্বির ১/১, হাবিবুর ১/৪৭, ফরহাদ হোসেন ১/৬১)। রাজশাহী: ২০৭ ও ১২০/৬ (জুনায়েদ ২৮, হাবিবুর ২৪; শহীদ ২/১৭, ইলিয়াস ২/২৪, আসিফ ১/৬, আবু বকর ১/২৩)।

চট্টগ্রাম: ২১৩ ও ৪১৫/৯ ডি. (মুমিনুল ১৬৮, নাজিমউদ্দিন ৬৮, আল মামুন ৪২, ফয়সাল ২৮, জসিম ২৮, সাইফউদ্দিন ২৫*, ইরফান ২৪; সাদিকুর ৭/১০৫, জায়েদ ১/৬৮, নাবিল ১/১২৯)। সিলেট: ১৯০ ও ৬৪/১ (সায়েম ৩৯; আকবর ১/১১)।

বরিশাল: ২৮৯ ও ১৩৩/২ (সালমান ৩৮*, শাহরিয়ার ৩৬, নুরুজ্জামান ২৯*, মঈনুল ২১; নাসির ২/১৬)। রংপুর ১ম ইনিংস: ৫৪৩/৯ ডি. (ধীমান ১৪৯, তানভীর ১২১*, সোহরাওয়ার্দী ৬১, নাঈম ৬০, নাসির ৩২, তারিক ২৬, সাজেদুল ২৫, কল্যাণ ২২; মনির ৫/১৫১, সোহাগ ২/১৮৭, মঈনুল ১/২০, কবির ১/৫৬)। 

১১৯* ২৩২     এনামুল হক     খুলনা-ঢাকা বিভাগ     কক্সবাজার     ২০১৩-১৪