এনামুলের কাছে হংকং 'প্রস্তুতি ম্যাচ'

হঠাৎ আকাশে কালো মেঘের ঘনঘটা। সঙ্গে মাতাল হাওয়া। উড়িয়ে নিয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টানানো ব্যানার, ফেস্টুন। তড়িঘড়ি মাঠ থেকে ড্রেসিং রুমের দিকে ছুটল বাংলাদেশ দল। অন্ধকার চারদিকে। কিছুক্ষণ পর ফিসফিসিয়ে বৃষ্টিও শুরু হলো।
বসন্তে কালবৈশাখীর আগমনী বার্তা। ইতিমধ্যে মূল পর্বে এক পা দিয়ে রাখা বাংলাদেশও আরেকটি ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আগামীকাল হংকংয়ের বিপক্ষে ম্যাচটি সামনে বড় দলের মুখোমুখি হওয়ার আগে একটা ভালো প্রস্তুতির সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন ওপেনার এনামুল হক, ‘এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। বড় দলের বিরুদ্ধে খেলার আগে আমাদের প্রস্তুতির একটি বড় সুযোগ এটি।’
টানা দুই ম্যাচজয়ী জয়ের অভ্যাসটা ধরে রাখতে চায় বাংলাদেশ। এজন্য এখনই সুপার টেনের যাওয়ার আনন্দে ভাসতে রাজি নয়। বিকেলে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওপেনার এনামুল হক সেটিই জানালেন, ‘জেতাটা খুব গুরুত্বপূর্ণ। জয়ের এ অভ্যাস ধরে রাখতে পারলে সামনে বড় দলের বিপক্ষে খেলাটা সহজ হবে। তখন ক্লোজ ম্যাচও জিততে পারব। আত্মবিশ্বাস বাড়বে। তাই আমরা আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি।’
সম্প্রতি শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে কয়েকটি ম্যাচ স্বাগতিকরা হেরেছে হাড্ডাহাড্ডি লড়াই করে। এনামুলের হয়তো ওই আফসোস এখনো যায়নি। তবে হংকংয়ের মতো প্রতিপক্ষকে ভালো করে চেনা নেই সাকিব-মুশফিকদের। নতুন দল নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা এখনো বাংলাদেশ দলে শুরু হয়নি। এই বিশ্বকাপে হংকংয়ের কয়েকটি ম্যাচ দেখেছেন বলে দাবি করছেন এনামুল। এর বেশি কিছু জানেন না, ‘হংকং নিয়ে তেমন কোনো চিন্তা হয়নি। প্রতি ম্যাচের আগে প্রতিপক্ষ দল নিয়ে আমরা আলোচনা করি। হয়তো আজও হংকং নিয়ে সেটা হবে। তাদের কয়েকটি ম্যাচ দেখেছি। তাদের পেস বোলার বেশি। চট্টগ্রামের উইকেটে তারা ভাল করতে পারে।’
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ছক্কা হাঁকিয়ে জয়সূচক রানটি নিয়েছিলেন এনামুল। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে সাকিবও এনামুলকে অনুসরণ করলেন। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে সাব্বিরের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউট হয়ে যান এনামুল। প্রসঙ্গটি এল সংবাদ সম্মেলনে। ‘ওটা আমার কল ছিল না। তার পরও রানআউট হয়ে গেছি। ভবিষ্যতে এ রকম যেন না হয়, সে চেষ্টা করব।’ এভাবেই ব্যাখ্যা দিলেন এনামুল।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ান এনামুল বাছাইপর্বে অংশ নেওয়া দলগুলোর বোলিং বড় দলের তুলনায় খর্বশক্তির বলেও জানালেন। টি-টোয়েন্টির অভিজ্ঞতায় এমনটি মনে হচ্ছে এই ওপেনারের। গত দুই ম্যাচে ব্যাটে ঝড় তোলা এই ব্যাটসম্যানের দিকে আগামীকালও তাকিয়ে থাকবে দল। এনামুলের মতো কোচ জার্গেনসনও জয়ের ধারাটি অব্যাহত রাখতে চান। ‘গত চারটি ম্যাচ জিতেছি। আমরা আগামীকালের ম্যাচও জিততে চাই।’