এনামুলের জয় এবার অন্য রকম
দলের জয়ের চেয়ে বড় কিছু আর নেই। ভালো লাগা তাই যথেষ্টই। তবে এবার নতুন এক অনুভূতির সঙ্গেও পরিচয় হলো এনামুল হক জুনিয়রের। ভালো লাগার সঙ্গে যেখানে মিশে খানিকটা আক্ষেপও। বাংলাদেশ টেস্ট জিতল, কিন্তু এই প্রথম ড্রেসিংরুমে নেই এনামুল!কাল জিম্বাবুয়ের শেষ উইকেট নিয়ে যখন উৎসবে মাতলেন মুশফিক-রবিউলরা, ড্রেসিংরুমে থাকলে হয়তো মাঠে ছুটে যেতেন এনামুল। কিন্তু বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক তখন বাড়িতে বসে, টিভি পর্দার সামনে। প্রথম টেস্টে খেলেছেন, কাগজে-কলমে তিনি টেস্ট স্কোয়াডেরই অংশ। কিন্তু ওয়ানডে সিরিজে থাকছেন না বলে শাহরিয়ার নাফীসকে নিয়ে দেশে ফিরেছেন পরশু। স্কোয়াডের অংশ হয়েও এনামুল তাই জয়ের অংশ নন। ঠিক মেলাতে পারছেন না তাই টেস্ট জয়ের আগের অনুভূতিগুলোর সঙ্গেও।‘দল জিতেছে বলে ভালো লাগছে। তবে সত্যি বলতে, খারাপও লাগছে একটু। দলে থেকেও এমন একটা জয়ের অংশ হতে পারলাম না। এই আফসোসটা থেকেই যাবে। সিরিজটা শেষ করে আসতে পারলে ভালো লাগত’—মুঠোফোনে এনামুলের কণ্ঠের আফসোসটা পড়তে সমস্যা হলো না একটুও। খানিকটা অনুযোগও করলেন, ‘সিরিজের মাঝখানে ক্রিকেটারদের ফেরত পাঠানোর এই ট্র্যাডিশন থেকে আমাদের বের হয়ে আসা উচিত।’এবারের আক্ষেপটাকে এক পাশে রেখে পেছন ফিরে তাকালে, বাংলাদেশের টেস্ট জয় মানেই এনামুলের ভালো লাগায় ভেসে যাওয়া। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক তিনি, তৃতীয় জয়ে পার্শ্বনায়ক। আর মাঝের জয়ে ছিলেন ড্রেসিংরুমে। ভালো লাগার অনুভূতিগুলোর তুলনা করা মুশকিল। প্রথম টেস্ট জয়ের সুখস্মৃতিটা তবু এনামুলের কাছে অনির্বচনীয়, ‘ওই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অনেক দিন আমরা জিততে পারিনি। এ নিয়ে অনেক কথা হচ্ছিল। জয়টা তাই খুব দরকার ছিল। আর প্রথম জয় তো সব সময়ই অন্য রকম। এক শ বছর পরও লোকে এই ম্যাচ নিয়ে কথা বলবে।’সেই জয়ে দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়াটা সদ্য ১৮ পেরোনো এনামুলের কাছে ছিল, ‘স্বপ্নের চেয়েও বেশি কিছু।’ ম্যাচের পরের একটা ঘটনা এখনো দোলা দেয় টেস্টে সর্বকনিষ্ঠ ১০ উইকেটশিকারির মনে, ‘এমএ আজিজ স্টেডিয়াম থেকে হোটেলে ফিরতে অনেক সময় লেগেছিল আমাদের, মানুষ আর মানুষ। কত লোক যে আমার নাম ধরে চিৎকার করছিল!’২০০৯ সালে সেন্ট ভিনসেন্ট টেস্টে একাদশে জায়গা হয়নি। তবে গ্রেনাডায় পরের টেস্টে দুই ইনিংসেই নিয়েছেন ৩টি করে উইকেট। ওই দুটি জয়ে উচ্ছ্বাস আর স্বস্তি ছিল পাশাপাশি, ‘২০০৯ ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা স্পেশাল হয়ে আছে দেশের বাইরে টেস্ট ও সিরিজ জয়ের কারণে। তা ছাড়া ওদের মূল দল খেলেনি, সবার প্রত্যাশাই ছিল আমরা জিতব। বড় একটা চাপও ছিল সেটা।’প্রত্যাশার চাপের কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সঙ্গে এবারের মিল খুঁজে পাচ্ছেন এবারের, ‘প্রত্যাশা ছিল দুটি টেস্টই জেতা। কিন্তু প্রথম টেস্টে হারার পর চাপ আরও বেড়ে গেল। অনেক কথাও হচ্ছিল আমাদের নিয়ে। তা ছাড়া কন্ডিশন আর উইকেটই শুধু নয়, অনেক কিছুই আমাদের বিপক্ষে ছিল। থাকার জায়গা থেকে শুরু করে প্র্যাকটিস—কোথাও আমরা ভালো সুযোগ-সুবিধা পাইনি। কিন্তু সিরিজ হারলে এসবের অজুহাত হয়তো কেউ শুনতে চাইত না। দলের সবাইকে অভিনন্দন জয়ের জন্য।’ ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দলে জায়গা হারিয়েছিলেন, ফিরলেন এবার। ওই সিরিজের পর বাংলাদেশও প্রথম টেস্ট জিতল এবার। চারটি টেস্ট জয়েই যোগসূত্র আছে। ক্যারিয়ারে যে ১০টি ওয়ানডে খেলেছেন, তার আটটিতেই জিতেছে বাংলাদেশ। স্রেফ বাংলাদেশের জয়ের কথা ভেবেই তো এই ‘সৌভাগ্যের প্রতীক’কে দলে রাখা উচিত! এনামুল হাসলেন, ‘না, এভাবে থাকতে চাই না। ভালো খেলেই দলে থাকতে চাই।’