এনামুলের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধু জো রুট বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন, আর তা করতে না পারার দুঃখ নিয়ে বিদায় নিচ্ছেন এনামুল হক। কাল অ্যাডিলেড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে l প্রথম আলো
বন্ধু জো রুট বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন, আর তা করতে না পারার দুঃখ নিয়ে বিদায় নিচ্ছেন এনামুল হক। কাল অ্যাডিলেড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে l প্রথম আলো

স্লিংয়ে ডান হাত ঝুলিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দাঁড়িয়ে এনামুল হক। বাঁহাতে পাসপোর্ট। বাংলাদেশ দলের লিয়াজোঁ অফিসারের সঙ্গে কী নিয়ে যেন কথা বলছেন। বিষয় কী হতে পারে, হাতের পাসপোর্টই তা বলে দিচ্ছে। স্বপ্নভঙ্গের বিশ্বকাপকে পেছনে ফেলে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ওপেনার।
সেটি কবে, তা অবশ্য এখনো চূড়ান্ত নয়। সেই সিদ্ধান্ত দেবেন অস্ট্রেলীয় শল্যবিদ গ্রেগ হয়। ডেভিড ইয়াংয়ের মতো না হলেও হয়-ও বাংলাদেশের ক্রিকেটে পরিচিত নামই। এর আগে হাবিবুল বাশারের হাতের আঙুলে অস্ত্রোপচার করেছেন, তামিমের হাতের তালুতে। ডেভিড ইয়াং কোমর থেকে নিচের অংশের বিশেষজ্ঞ, হয়ের কাজকারবার ওপরের অংশ নিয়ে।
আজ সকাল সাড়ে নয়টার ফ্লাইটে এনামুল অ্যাডিলেড থেকে মেলবোর্ন যাচ্ছেন হয়কে দেখাতে। আগামীকাল সকালে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। যদি অস্ত্রোপচার লাগে, সেটি করিয়েই দেশের বিমানে উঠবেন। না লাগলে যাত্রার তারিখটা একটু এগিয়ে আসবে।
বিশ্বকাপ যাত্রার আগে বাংলাদেশের একটি পত্রিকাকে নিজের বিশ্বকাপ স্বপ্নের কথা বলে এসেছিলেন। ২০০৫ সালে কার্ডিফে আশরাফুল ও আফতাবের ইনিংস দুটি মিলিয়ে যা হয়, এমন একটা ইনিংস খেলা। সেই ম্যাচে আশরাফুল সেঞ্চুরি করেছিলেন, গিলেস্পিকে ছক্কা মেরে অপরূপ ছবিটাতে তুলির শেষ পোঁচটা দিয়েছিলেন আফতাব। এনামুল সেঞ্চুরি করতে চেয়েছিলেন, সঙ্গে ম্যাচটা শেষ করে আসতেও। বলেছিলেন, মিচেল জনসনকে মারতে পারলে খুব ভালো লাগবে। বোঝাই যাচ্ছে, চিন্তাভাবনাটা অস্ট্রেলিয়াকেন্দ্রিকই ছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটি বৃষ্টির কারণে শুরুই হতে পারেনি। তাতে এনামুলের খুব একটা মন খারাপ হয়নি। এখন মন খারাপ বললে সেটি কম বলা হয়। এনামুলের চোখেমুখে বিষাদের আঁকিবুঁকি। মুখে অদ্ভুত একটা বিষণ্ন হাসি ফুটিয়ে বললেন, ‘খুব করে চেয়েছিলাম বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিটা করতে। সেটি আর করা হলো না।’ বলার পর যেন স্বগতোক্তি করলেন, ‘আমার স্বপ্ন দেখাতেই মনে হয় কোনো সমস্যা ছিল। নইলে এমন হবে কেন?’
ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট কোত্থেকে যেন হোটেলে ফিরছেন। তাঁকে দেখিয়ে এনামুল বললেন, ‘ওই যে জো রুট, আমার বন্ধু। বিশ্বকাপে সেঞ্চুরি করেছে। আর আমি হাত ঝুলিয়ে বসে আছি।’ ২০১০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশ সফরে গিয়েছিলেন রুট। এনামুলের সঙ্গে বন্ধুত্বের সূচনা তখনই। এনামুলকে দেখে রুট থমকে দাঁড়ালেন। কুশল জিজ্ঞাসা করাটা নিষ্ঠুর শোনাবে ভেবেই সরাসরি জানতে চাইলেন, কাঁধে ব্যথা-ট্যথা আছে কি না।
কাঁধে ব্যথা তেমন নেই। এনামুলের ব্যথা মনে। ‘কালকের ম্যাচটা যদি আমরা জিতে যাই, তাহলে তো আরও দুটি ম্যাচ নিশ্চিত। যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারি, কে জানে ভারতের বিপক্ষেও তো জিতে যেতে পারি। তাহলে সেমিফাইনাল, আর আমি এর অংশ হতে পারব না’—বলছেন আর যেন কান্না চুইয়ে চুইয়ে পড়ছে।
সেমিফাইনাল তো অনেক দূরের স্বপ্ন, কোয়ার্টার ফাইনালই তো এখনো নিশ্চিত নয়। এনামুলের মনে এই আফসোস না-ও থাকতে পারে। তবে বিশ্বকাপে দেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করতে না পারার আফসোসটা যে গভীর দুঃখে পরিণত, ‘এমন যদি না হতো, স্কটল্যান্ড ম্যাচটাসহ তিনটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেতাম। একটা সেঞ্চুরি হয়তো হয়েই যেত। আমার রেকর্ড তো এমনই বলে।’
সান্ত্বনা দিতেই বলা হলো, বয়স মাত্র ২২, সামনে পড়ে আছে পুরো ক্যারিয়ার। বিশ্বকাপও তো এটাই শেষ নয়। এনামুল সান্ত্বনা পেলেন বলে মনে হলো না, ‘চার বছর পর পরের বিশ্বকাপ। কত কিছু হয়ে যেতে পারে। হয়তো সাড়ে তিন বছর ভালো খেললাম। হঠাৎ ফর্ম হারিয়ে বা ইনজুরিতে পড়ে বিশ্বকাপে খেলাই হলো না। খেললেই বা কি! প্রথম সেঞ্চুরিটা বোধ হয় আর করা হবে না।’
তাহলে কি এনামুল চান, বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটা তাঁর অপেক্ষাতেই থাকুক? প্রশ্নটা শুনেই প্রতিবাদ করলেন, ‘না, না তা কেন? তামিম ভাই ৯৫ রানে আউট হয়ে যাওয়ার পর আমি কেঁদেছি। আমি তখন হাসপাতালে। খুব করে চাচ্ছিলাম সেঞ্চুরিটা যেন হয়।’
অদ্ভুতই বলতে হবে, এনামুল ছিটকে পড়ায় বিশ্বকাপের দুয়ার খুলে গেছে যে ইমরুল কায়েসের, স্কটল্যান্ড ম্যাচের আগের দিনই তাঁর সঙ্গে কথা বলেছেন এনামুল। কী ভেবে ফোন করেছিলেন? ‘ইমরুল ভাইকে মাঝেমধ্যেই ফোন করি, সেদিনও করেছিলাম। উনি বললেন “ভালোভাবে খেলিস” আর ওনার জন্য জিংক (রোদে মুখে লাগানোর ক্রিম) নিয়ে যেতে বললেন।’
আজ সকালে নিঃসঙ্গ বিমানযাত্রা শুরু করতে যাওয়ার আগে সেই ইমরুল কায়েসের কাছ থেকেই বিদায় নেবেন এনামুল। আর ইমরুল খেলতে নামবেন এনামুলের জায়গায়।
নিয়তি কখনো কখনো কী অদ্ভুত খেলাই না খেলে!