এনামুলের বদলি ইমরুল

আগের দিন ১২ রানে অপরাজিত ছিলেন। কাল ৩১ রান করে আউট দিনের সপ্তম ওভারেই। বিকেএসপিতে জাতীয় লিগের ম্যাচে ঢাকা মহানগরের বিপক্ষে ইনিংসটা বড় করতে না পারায় নিশ্চয়ই মন খারাপ ছিল খুলনার ওপেনার ইমরুল কায়েসের। কিন্তু সেটা মুহূর্তেই দূর হয়ে গেল ফারুক আহমেদের ফোনে। ওই ফোনালাপেই যে প্রধান নির্বাচক ইমরুলকে দিলেন বিশ্বকাপে যাওয়ার খবর!
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে কাল দুর্ভাগ্যে পড়তে হয়েছে ওপেনার এনামুল হককে। ফিল্ডিংয়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পেয়েছেন ডান কাঁধে এবং সেই চোট এতই গুরুতর যে, বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে তাঁর জন্য। কাঁধে অস্ত্রোপচার করাতে হবে এনামুলের এবং এরপর মাঠের বাইরে থাকতে হবে দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত। এনামুলের বিকল্প হিসেবেই গতকাল রাতের ফ্লাইটে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসকে।
হঠাৎ করে বিশ্বকাপে খেলার সুযোগ এসে যাওয়ায় দারুণ রোমাঞ্চিত ইমরুল, ‘ফোনে ফারুক ভাইয়ের (প্রধান নির্বাচক) কথা শুনে চমকে উঠেছিলাম। কী বলব...খুবই ভালো লাগছিল। শেষ পর্যন্ত আমিও বিশ্বকাপে যাচ্ছি!’ তবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এনামুলের জন্য একটু খারাপও লাগছে তাঁর, ‘কাল (পরশু) রাতেও ওর সঙ্গে আমার কথা হয়েছে। বলেছি, ভালো করে খেলতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনজুরিতে পড়ে গেল। ওর জন্য খারাপ লাগছে।’
গ্রুপ পর্বে এখনো ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ বাকি বাংলাদেশের। যদি কোনো ম্যাচে খেলার সুযোগ আসে, বিশ্বকাপটাকে স্মরণীয় করেই রাখতে চান ইমরুল, ‘সুযোগ পেলে আমি আমার মনের মতো ব্যাটিং করতে চাই। টেলিভিশনে খেলা দেখে যা বুঝেছি, বিশ্বকাপের উইকেটগুলো ও রকম আহামরি কিছু নয়। সবই ব্যাটিং উইকেট।’
ইমরুল কাল রাতে দেশ ছেড়ে গেলেও এখনই দেশে ফিরছেন না কাঁধে চোট পাওয়া এনামুল। কাঁধের হাড় সরে গেছে তাঁর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করেই দেশে ফিরবেন। তবে অস্ত্রোপচার অস্ট্রেলিয়ায় হবে না নিউজিল্যান্ডে, এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল কাল পর্যন্ত। শোনা যাচ্ছিল, হ্যামিল্টনের এক বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচার করবেন। অস্ত্রোপচারের সম্ভাব্য তারিখ ৯ বা ১০ মার্চ। আবার দলসূত্রে জানা গেছে, অস্ত্রোপচার হতে পারে অস্ট্রেলিয়াতেও। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘ওখানকার চিকিৎসকেরা পর্যবেক্ষণ করে বলবেন এনামুলের কী ধরনের চিকিৎসা প্রয়োজন। তাদের মতামতের ওপরই নির্ভর করবে কোথায় কী চিকিৎসা হবে।’ তবে একটা বিষয় নিশ্চিত—অস্ত্রোপচার যেখানেই হোক, তার আগ পর্যন্ত এনামুল দলের সঙ্গেই থাকবেন। আজ নেলসন থেকে অ্যাডিলেড-যাত্রায় তিনিও সঙ্গী হচ্ছেন মাশরাফি-সাকিবদের।