এনামুলের সেঞ্চুরি, আল আমিনের 'ডাবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন: এক ওভারেই হ্যাটট্রিকসহ ৫ উইকেট । প্রথম আলো
আল আমিন: এক ওভারেই হ্যাটট্রিকসহ ৫ উইকেট । প্রথম আলো

কোনটার কথা আগে বলবেন, এনামুল হকের (বিজয়) সেঞ্চুরি? আল আমিনের ‘ডাবল হ্যাটট্রিকসহ এক ওভারে ৫ উইকেট! সাকিব আল হাসানের অপরাজিত ৫৭ রানের সঙ্গে ৬ উইকেট? নাকি মোহামেডানের ৪৫ রানে অলআউট হয়ে যাওয়া?
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কাল এমনই সব রোমাঞ্চকর ঘটনা ঘটল। বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটকে সিলেটবাসী যেমন দুহাত ভরে সমর্থন দিয়েছে, কাল সিলেটের শেষ দিনের খেলায় টুর্নামেন্টটাও অতৃপ্ত রাখেনি তাদের। দিনের প্রথম ম্যাচে আল আমিনের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে আবাহনীকে ২ উইকেটে হারিয়েছে ইউসিবি-বিসিবি একাদশ। পরের ম্যাচে এনামুলের সেঞ্চুরি আর সাকিবের ৬ উইকেট মোহামেডানের বিপক্ষে ১৫৯ রানের বিশাল জয় এনে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় প্রাইম ব্যাংক এখন এককভাবে শীর্ষে।

পিঠে চোট পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তাঁকে ছাড়াও দলটা কাল হেরেছে জিততে জিততে। সৌম্য সরকারের ফিফটির (৫৫) সুবাদে আবাহনীর ১৪৩ রান ইউসিবি-বিসিবি একাদশ টপকেছে ম্যাচের মাত্র ১ বল বাকি থাকতে। দলকে জেতাতে তামিম ইকবাল ৫২ বলে করেছেন ৬১ রান।

তবে আল আমিন অমন বিধ্বংসী না হয়ে উঠলে আবাহনীর স্কোরটা আরও বড় হয়ে ইউসিবি-বিসিবির জয়টা কঠিনও করে দিতে পারত। ১৯ ওভার শেষে আবাহনীর স্কোর ছিল ১৪১। আল আমিনের করা শেষ ওভারে ৫ উইকেট হারিয়ে রান আসে মাত্র ২! প্রথম বলে মেহেদী মারুফকে আরাফাত সানির ক্যাচ বানান আল আমিন। দ্বিতীয় বলে সোহরাওয়ার্দীর সঙ্গে দুবার প্রান্ত বদলে ওই ২ রান নেন নাজমুল মিলন। ওভারের শেষ চার বলে আল আমিন পর পর ফেরান নাজমুল মিলন, সোহরাওয়ার্দী, নাঈম ইসলাম জুনিয়র ও নাবিল সামাদকে। টানা ৪ উইকেট হলেও ক্রিকেটীয় পরিভাষায় এটাই ‘ডাবল হ্যাটট্রিক’। এ ছাড়া এক ওভারে ৫ উইকেট নিয়ে আল আমিন গড়েছেন আরও একটা কীর্তি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।

দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে সব আলো কেড়ে নিয়েছেন প্রাইম ব্যাংক সিসির ওপেনার এনামুল। ৩০ বলে ফিফটি ও ৬০ বলে সেঞ্চুরি, শেষ পর্যন্ত ১০৫ রান করে মাশরাফির বলে ক্যাচ দিয়েছেন ইলিয়াস সানির হাতে। যাওয়ার আগে তৃতীয় উইকেট জুটিতে ৯৯ রানের জুটি গড়েছেন সাকিবের সঙ্গে। দলের ২০৪ রানে সাকিবের ২৮ বলে করা ৫৭ রানেরও আছে গুরুত্বপূর্ণ অবদান। আর মোহামেডানকে মাত্র ৪৫ রানে অলআউট করে দেওয়ার পুরো কৃতিত্বই তো তাঁর! ২.৪ ওভার বল করে ৬ উইকেট পেয়েছেন মাত্র ১৮ রান দিয়ে। হ্যাটট্রিক না হলেও ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই নিয়েছেন ৩ উইকেট।
আজ দলগুলো সব ঢাকায় ফিরে আসবে। কাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টের ঢাকা পর্ব।

সংক্ষিপ্ত স্কোর
 আবাহনী: ২০ ওভারে ১৪৩ (সৌম্য ৫৫, মাহমুদউল্লাহ ২৭, নাজমুল মিলন ২১; আল আমিন ৫/১৭, আরাফাত ২/২৬, এনামুল জুনিয়র ২/৩৪)। ইউসিবি-বিসিবি একাদশ: ১৯.৫ ওভারে ১৪৬/৮ (তামিম ৬১, নাঈম ২১; শুভাশিস ৪/২৭, নাবিল ১/১৭, নাঈম জুনিয়র ১/১৯, মাহমুদউল্লাহ ১/২১)। ফল: ইউসিবি-বিসিবি একাদশ ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন।
 প্রাইম ব্যাংক সিসি: ২০ ওভারে ২০৪/৩ (এনামুল ১০৫, সাকিব ৫৭*, সাব্বির ২৬; মাশরাফি ২/৩৪, তাইবুর ১/২১)। মোহামেডান: ৮.৪ ওভারে ৪৫ (রকিবুল ১৩, শাহরিয়ার ১২; সাকিব ৬/১৮, তাইজুল ১/১, রুবেল ১/৩, সোহাগ ১/৬, শাহাদাত ১/১৭)। ফল: প্রাইম ব্যাংক সিসি ১৫৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক ও সাকিব আল হাসান।