রানের পাহাড়ে চড়ল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিপক্ষে আজ এনামুল ছুঁয়েছেন দ্বিতীয় ওয়ানডে শতক। ছবি: রয়টার্স।
পাকিস্তানের বিপক্ষে আজ এনামুল ছুঁয়েছেন দ্বিতীয় ওয়ানডে শতক। ছবি: রয়টার্স।

এ ম্যাচের আগে দুই দলের মানসিকতা একবার চিন্তা করুন, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১ উইকেটে হারিয়ে আকাশে উড়ছে পাকিস্তান, আর আফগানিস্তানের কাছে ৩২ রানে হেরে টালমাটাল বাংলাদেশ। মাঠের ভেতর-বাইরের নানা ঘটনায় জেরবার মুশফিকুর রহিমের দল। ঠিক এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নেমে সব এলোমেলো করে দিল বাংলাদেশ দল। এনামুল-ইমরুল-মুমিনুল-মুশফিক-সাকিব—লন্ডভন্ড করে দিলেন পাকিস্তানের বোলিং লাইন-আপ। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করল ৩ উইকেটে ৩২৬, যা কিনা একদিনের ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। শুধু তা-ই নয়, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, প্রথমটি ভারতের, ৩৩০। এনামুল ১০০, ইমরুল ৫৯, মুমিনুল ৫১, মুশফিক ৫১*, সাকিব ৪৪*— এমন স্কোর কার্ড কবে দেখেছে বাংলাদেশ!
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে মুশফিকুর রহিমের দল। প্রথম ১৮ ওভারেই কোনো উইকেট না হারিয়েই স্পর্শ করে ১০০ রান। কদিন আগে ফতুল্লায় ভারতের বিপক্ষে এনামুল হক করেছিলেন ৭৭। ব্যাট তাঁর কথা বলেছে আজও। পাকিস্তানের বিপক্ষে আজ শুরুতেই বোঝা যাচ্ছিল, রানের তেষ্টায় ছটফট করছেন এনামুল হক। সে তেষ্টা মিটল তবে অসাধারণ এক সেঞ্চুরি করে! ইমরুল কায়েসও কম যাননি, স্পর্শ করেছেন দশম ওয়ানডে হাফ সেঞ্চুরি। তালহার শিকার হয়ে ইমরুল ফিরেছেন ৫৯ রানে আর ১০০ করে এনামুল ফিরেছেন সাঈদ আজমলের বলে। ডানহাতি এই ব্যাটসম্যান তার শতরানের ইনিংসটি সাজিয়েছেন চারটি ছক্কা আর ছয়টি চারে, বাউন্ডারি থেকেই এসেছে ৪৮ রান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ১৫০ রান উঠেছে।
বাংলাদেশ কিন্তু আজ ব্যাটিং পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে পারেনি, তুলেছে মাত্র ১৬, খুইয়েছে এনামুলের উইকেটটি। রানের চাকা অস্বাভাবিক গতিতে ঘুরেছে মূলত স্লগ ওভারে। মুশফিক-সাকিবের তাণ্ডবে ছিন্নভিন্ন হয়েছে পাকিস্তানের ‘চিরগর্বে’র বোলিং লাইন-আপ। মুশফিক-সাকিবের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি শেষ ৩৪ বলে তুলেছে ৭৭। মুশফিক অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫১ করে আর সাকিব ১৬ বলে ৪৪। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের ছোট্ট অথচ টর্নেডো-ইনিংসটিতে চারের মার ছিল ৬টি আর ছয় ২টি। অর্থাত্ সাকিব ৪৪ রানের ৩৬ তুলেছেন জায়গায় দাঁড়িয়ে! স্ট্রাইক রেট ২৭৫.০০! নিশ্চয় প্রশ্ন জেগেছে মনে, সাকিব টি-টোয়েন্টি খেললেন নাকি ওয়ানডে!
শুরুটা অবশ্য ধীরগতিতেই করেছিল বাংলাদেশ। প্রথম ৭ ওভার শেষে স্কোরবোর্ডে জমা হয়েছিল মাত্র ২২ রান। কিন্তু এরপর বেশ দ্রুতগতিতেই রানের চাকা ঘুরিয়েছেন দুই ওপেনার ইমরুল ও এনামুল। মোহাম্মদ তালহার করা ইনিংসের ১৬তম ওভারেই ২১ রান তুলেছে বাংলাদেশ।
ব্যাট করে ফেরার সময় ধারাভাষ্যকারকে সাকিব বলেছেন, ‘বোলিংয়েও ভালো করতে চাই।’ ব্যাটিংয়ের মতো বোলিংয়েও যদি বাংলাদেশ স্বরূপে ফেরে, তবে গত এশিয়া কাপের ফাইনালে মাত্র দুই রানে হেরে যাওয়ার সেই কান্না মুছতে খুব একটা সমস্যা হবে না মুশফিকের দলের। আরও একটি পরিসংখ্যানও স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে, এত রান তাড়া করে কখনোই জেতেনি পাকিস্তান। অন্যদিকে ৩০০-এর বেশি স্কোর গড়ে বাংলাদেশ কখনও হারেনি।