এনামুলের সেঞ্চুরি, সাকিবের ছয় উইকেট
সাকিবের প্রাইম ব্যাংক সিসির কাছে রীতিমতো গো-হারা হেরেছে মাশরাফির মোহামেডান! মাশরাফির দল আজ অলআউট হয়ে গেছে মাত্র ৪৫ রানে! ১৫৯ রানের বিশাল পরাজয়। সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কোল ঘেঁষে থাকা পাহাড়গুলোর সমান এক হার যেন! প্রাইম ব্যাংকের ৩ উইকেটে তোলা ২০৪ রানের সামনে স্রেফ অসহায় আত্মসমর্পণ করল মোহামেডান।
সাকিবের ঘূর্ণিজাদুতে রীতিমতো লন্ডভন্ড হয়েছে মোহামেডান। এই মাঠেই আগের ম্যাচে এক ওভারে ৫ উইকেট নিয়ে দর্শকদের শিহরিত করেছেন আল-আমিন। এবার ২.৪ ওভার বোলিং করে ১৮ রানে সাকিব নিয়েছেন ৬ উইকেট। এর আগে সাকিব ব্যাট হাতেও ফিফটি করেছেন। মাত্র ২৮ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৭ রান করে অপরাজিত ছিলেন। ফিফটি, এর পর ৬ উইকেট—তবুও ম্যাচসেরা একা নন সাকিব!
এনামুল হক বিজয় যে করেছেন সেঞ্চুরি! মাত্র ৬৩ বলে ৯টি চার ও ৫ ছক্কায় করেছেন ১০৫ রান। ৬৪ রানই এসেছে চার-ছক্কায়। সাকিবের ৬ উইকেটের তিনটির অর্ধেক কৃতিত্বের দাবিদারও তিনি। করেছেন তিনটি স্টাম্পিংও। দুজনের মধ্যে ম্যাচসেরা কে—এই ‘সমস্যা’র সহজ সমাধান করে দুজনকেই সেরা ঘোষণা করা হয়েছে।
ব্যাট করতে নেমেই সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছিল ধুন্ধুমার ‘এনামুল’ শো! স্ট্রোকের পসরা সাজিয়ে একের পর এক দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়ে এনামুল তুলে নিলেন টুর্নামেন্টের একমাত্র শতক। একই সঙ্গে হয়ে গেলেন এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক। চার ম্যাচের তাঁর রান ১৮৬। এক শতকেই তিনি টপকালেন সাব্বির রহমান রুম্মান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে।
২১ রানের মাথায় লিটন কুমারকে ফেরালেও আর তেমন সাফল্য দেখাতে পারেননি মোহামেডানের বোলাররা। এনামুল তো ছিলেনই, এদিনও সাব্বির বড় ইনিংসের ইঙ্গিত দিলেও তাইবুরের বলে বোল্ড হয়ে ২৬ রানেই ফুরিয়ে গেলেন। সাকিবের ভেতরে বড় ইনিংসের তাড়না তো ছিলই, এনামুলকেও সঙ্গ দেওয়াটা ছিল আরও জরুরি। দুটোই হলো। প্রাইম ব্যাংক অধিনায়কের ব্যাট আজ হেসে উঠল। পেয়ে গেলেন টুর্নামেন্টে নিজের প্রথম অর্ধশতক।
সাকিব-এনামুলের জুটিতেই আসে ৯৯ রান। এনামুলকে থামান মাশরাফি নিজেই। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ ছিল ২০৪। মোহামেডানের পক্ষে মাশরাফি ২টি ও তাইবুর নেন ১টি উইকেট।
চোখের সামনে এত বড় লক্ষ্য দেখে শুরুতেই টালমাটাল মোহামেডানের টপ অর্ডার। বল হাতেও শুরু হলো ‘সাকিব ভেলকি’! বিশ্বসেরা অলরাউন্ডারের ঘূর্ণিজাদুতে টপাটপ উইকেট পড়তে শুরু হলো মোহামেডানের। কী আশ্চর্য গোটা দল মিলে ৫০ রান করতে পারেনি তারা! ৮.৪ ওভারে মাত্র ৪৫ রানেই গুটিয়ে গেল মাশরাফির দল।
মোহামেডানের এ করুণ দশার জন্য ‘দায়ী’ ওই সাকিবই। আজ ভালোই পুষিয়ে নিলেন তীব্র উইকেট-ক্ষুধা! মোহামেডানের টপ-অর্ডার নীল হয়েছে তাঁর বিষেই। ইনিংসের দ্বিতীয় ওভারে চার বলেই নিয়েছেন ৩ উইকেট। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৭ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে তিনি। সাকিবের দিনে হতাশ হননি প্রাইম ব্যাংকের কোন বোলারই। শাহাদত, সোহাগ গাজী, তাইজুল, রুবেল—প্রত্যেকেই পেয়েছেন ১টি উইকেট।