এনামুলের সেঞ্চুরিতে জিতল খুলনা
বৃষ্টিবাধায় শেষ দিনেও তিন ভেন্যুতে খেলা হয়নি একটি বলও। আগের দিনের মতো খেলা হলো শুধু খুলনায়। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে ফলাফলও হয়েছে একমাত্র সেখানে। এনামুল হকের সেঞ্চুরির সৌজন্যে রংপুরকে ৫ উইকেটে হারিয়ে স্বাগতিক খুলনা পেয়েছে ৬ পয়েন্ট।এই রাউন্ডে বৃষ্টি এমনই বাধা হয়ে দাঁড়িয়েছিল যে বিকেএসপি আর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। রাজশাহীতে স্বাগতিক রাজশাহী ও বরিশাল দুই দলই পেয়েছে ৩ পয়েন্ট করে। সঙ্গে ৩৫০-এর বেশি রান করায় ব্যাটিং বোনাস হিসেবে ১ পয়েন্ট পেয়েছে রাজশাহী। বিকেএসপির ম্যাচে ব্যাটিং বোনাসসহ চট্টগ্রামের পয়েন্ট ৪, সিলেটের ৩। ড্র হওয়া তিন ম্যাচে প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছে শুধু মিরপুরেই। ব্যাটিং বোনাস ১ পয়েন্টসহ প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ঢাকা মহানগরের মোট পয়েন্ট ৪, প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ঢাকা বিভাগ পেয়েছে ১ পয়েন্ট।আগের দিন খুলনার অধিনায়ক আবদুর রাজ্জাক ঘোষণা দিয়েছিলেন, শেষ দিনে তাঁরা জেতার জন্যই খেলবেন। দ্বিতীয় ইনিংসে ২৩২ রানের জন্য খেলতে নেমে সে লক্ষ্য পূরণ হয়েছে ৪৬.৫ ওভারে। যেটিতে মূল ভূমিকা ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে এনামুলের ষষ্ঠ সেঞ্চুরির। সেই সেঞ্চুরিও আবার পুরোপুরি ওয়ানডে মেজাজে। ১২৩ বলে অপরাজিত ১০৪, সাত বাউন্ডারির সঙ্গে ছক্কা ৬টি। ওপেনার সৌম্য সরকারের (৪৫) সঙ্গে দ্বিতীয় উইকেটে এনামুলের ৮৯ রানের জুটির পর খুলনা জয়ের আনুষ্ঠানিকতা সেরেছে এনামুল-তুষার ইমরানের ৯৪ রানের ষষ্ঠ উইকেট জুটিতে। আলাউদ্দিনের করা ইনিংসের ৪৭তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পর পর দুই বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেছেন এনামুলই। তাড়াহুড়া করে ভালোই করেছেন এনামুল। খেলা শেষ হওয়ার মিনিট দশেক পরই বৃষ্টি নেমেছে।এনামুল-তুষার দাঁড়িয়ে যাওয়ার আগে রংপুরের দুই স্পিনার তানভীর ও মাহমুদুল খুলনাকে একটু সমস্যাতেই ফেলেছিলেন। তাঁরা দুজন ২০ রানের মধ্যে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। যার ৩টিই নেন লেগ স্পিনার তানভীর। সৌম্যকে দিয়ে শুরু, তিন ওভার পর তিন বলের মধ্যে আউট করেন সাকিব (১১) ও মিঠুনকে (০)। মাঝখানে মাহমুদুল ইমরুল কায়েসকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে তাঁকে ‘উপহার’ দেন পেয়ারের দুঃস্বপ্ন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর এই ইনিংসে ইমরুল ওপেনিং থেকে নেমে এসেছিলেন চার নম্বরে। টিকেছেন মাত্র তিন বল।দুই ইনিংসে ২৯ ও ৪৫ রানের সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সৌম্য সরকার।সংক্ষিপ্ত স্কোরখুলনা-রংপুর, খুলনারংপুর: ৩৮৮ ও ৪৬ ওভারে ৯২ (আরিফুল ১৭, লিটন ১৫, তারিক ১৫, ধীমান ১৫; সৌম্য ৫/৩৪, রাজ্জাক ৪/৩২, জিয়াউর ১/১)। খুলনা: ২৪৯ ও ৪৬.৫ ওভারে ২৩৪/৫ (এনামুল ১০৪*, সৌম্য ৪৫, তুষার ৩৪*, সাকিব ১১, জিয়াউর ১১; তানভীর ৩/৩৭, মাহমুদুল ১/৩৫, সোহরাওয়ার্দী ১/৭৭)।ফল: খুলনা ৫ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার (খুলনা)। * শেষ দুই দিনে বৃষ্টির কারণে বাকি তিনটি ভেন্যুতে একটি বলও মাঠে গড়ায়নি।