এনায়েত হোসেনের বিদায়ী পুরস্কার
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদটি পাওয়ার পরও তাঁর জন্য নির্দিষ্ট চেয়ারটিতে এত দিন বসেননি আকরাম খান। অপেক্ষায় ছিলেন বিদায়ী চেয়ারম্যান এনায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁকে চেয়ারটিতে বসিয়ে দেবেন। অবশেষে গত পরশু এল সেই শুভক্ষণ। বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের বিদায়ী প্রধান এনায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে আকরাম খানকে বসিয়ে দিলেন তাঁর চেয়ারে।
জাতীয় দল ও ‘এ’ দলের মধ্যে হওয়া চ্যালেঞ্জ সিরিজের শেষ ম্যাচ শেষে সেদিন ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন এনায়েত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গত হোম সিরিজে ভালো পারফরম্যান্সের জন্য ব্যক্তিগতভাবে ১ লাখ টাকা করে পুরস্কারও দিলেন জাতীয় দলের পাঁচ ক্রিকেটার মুশফিকুর রহিম, নাসির হোসেন, রুবেল হোসেন, মুমিনুল হক ও সোহাগ গাজীকে। আর ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বিদায়ী প্রধানকে দেওয়া হয়েছে ফুলেল শুভেচ্ছা।