জার্মানি থেকে ওয়াল্টার সেইপ্পি আমার গত ৯ সেপ্টেম্বরে লেখা মেইলের উত্তর দিয়েছেন ১১ তারিখে। তিনি লিখেছেন, ‘তোমার সান্ত্বনামাখা কথার জন্য ধন্যবাদ জানাই। মুখের ভাষাই সব—সে আমি বিশ্বাস করি না, তার চেয়ে বড় কথা, মানুষ তার হূদয়ে কী ধারণ করছে। আমি জানি, আমার জন্য তোমার হূদয় কেমন করছে। হাসপাতালে আসার আগে দীর্ঘ দেড় মাস আমার বুকে তীব্র ব্যথা ছিল। কিন্তু এখন যেহেতু প্যালিয়েটিভ কেয়ারে আছি, ব্যথানাশক ওষুধ এবং পরিচর্যা কষ্টটাকে অনেকটাই কমিয়ে দিয়েছে।
আমার সঙ্গী আমাকে প্রতিদিনই দেখতে আসছেন। যেমনটা পরিকল্পনা করছিলাম, তেমন করে দুজনের আর একসঙ্গে জীবন কাটানো হবে না—এ ভাবনা ওর অন্তরকে ভারাক্রান্ত করে রেখেছে। আশাহীন এ অবস্থায় আমি কিন্তু স্রষ্টার স্পর্শ অনুভব করছি। তিনি নিশ্চয় আমার জন্য তোমার প্রার্থনা শুনবেন। ধন্যবাদ তোমাকে। ফেলে আসা দিনগুলোতে যাঁরা আমার কাছাকাছি এসেছিলেন, তাঁদের সবার স্মৃতি সারা দিন আমায় ঘিরে রাখে। ইতালি থেকে বোনটি রোজই ফোন করছে। আমার সাবেক স্ত্রী সুইজারল্যান্ড থেকে শিগগিরই আমাকে দেখতে আসছেন। তাই আমি একাকী নই মোটেও, একা থাকার ভয়ও আমার নেই।’
১৪ তারিখে ওয়াল্টার আবার আমাকে লিখছেন, ‘তোমার অনুরোধে সাড়া দিয়ে আমার ইদানীংকার দুটি ছবি পাঠালাম। কিন্তু ভুলে যেয়ো না, ২০১১-এর বসন্তে যখন বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি ছিলাম ১৮০ পাউন্ড, আর এখন ১৪০। অনেক স্লিম হয়েছি, কী বলো?
‘ভেবো না, আমি ই-মেইল লিখতে পারছি, কিন্তু অল্প সময় লিখি। শরীরের অবশিষ্ট শক্তি ক্রমেই ফুরিয়ে আসছে, লেখার ফাঁকে ফাঁকে আমাকে অনেকবার বিশ্রাম নিতে হয়। তবে প্রতিজ্ঞা করছি, তোমার সব মেইলের উত্তর আমি দেব। হয়তো সঙ্গে সঙ্গে পারব না, কিন্তু এক থেকে দুই দিনের মধ্যেই আমার উত্তর তোমার কাছে পৌঁছে যাবে। বোঝো তো, আমার বর্তমান চিকিৎসার প্রধান উদ্দেশ্য হলো শরীরের ব্যথা যতটা সম্ভব কমিয়ে রাখা।
‘আমি টেগোরকে পছন্দ করি, তাই খুব খুশি হব, যদি তুমি আমাকে তাঁর গান বা কবিতা পাঠাও। তাঁর একটি সুপরিচিত উদ্ধৃতি আমাদের এখানে অনেকের এপিটাফেই দেখা যায়। দুঃখের বিষয়, আমি শুধু তাঁর জার্মান অনুবাদটিই জানি, ইংরেজিটা হয়তো এমন হতে পারে, “বিউটিফুল ডেজ, ডোন্ট ক্রাই (অর উইপ) দ্যাট দে আর পাস্ট, জাস্ট স্মাইল দ্যাট দে হ্যাভ বিন।” উদ্ধৃতিটিকে আমি আমার কবরে লেখার জন্য বেছে রেখেছি।
নিজের যত্ন নিয়ো। মহান সৃষ্টিকর্তা তোমার শয্যাশায়ী বাবার সমস্ত যন্ত্রণা উপশম করুন।’
ইন্টারনেট আর রবীন্দ্রনাথ জানা বন্ধুবান্ধব ধরেও উদ্ধার করতে পারলাম না ওয়াল্টার রবিঠাকুরের ঠিক কোন লেখা থেকে কবরফলকের উদ্ধৃতিটি পছন্দ করেছেন। যাহোক, দেরি না করেই উত্তর করলাম। সঙ্গে দিলাম রবীন্দ্রনাথের কিছু গান ও কবিতার ইংরেজি অনুবাদ। অপেক্ষা করছি ফিরতি মেইলের। কিন্তু উত্তর আর মেলে না! আবারও লিখলাম, ‘কষ্টটা কি এখন খুব বেড়েছে?’ কোনো সাড়া নেই। উত্তর না পেয়ে আমি প্রায় প্রতিদিনই লিখে চললাম তাঁকে। আনন্দময় মানুষটি কি তবে চিরতরে হারিয়েই গেলেন?
বাংলাদেশের কুষ্ঠরোগীদের জন্য তহবিল সংগ্রহ করা স্বেচ্ছাসেবী ওয়াল্টারের এ দেশ পরিদর্শনের কয়েকটি দিনে জেনেছিলাম কতটা প্রাজ্ঞ, অনুভূতিসম্পন্ন ও জীবনমুখী ছিলেন তিনি! ভাবতেই চোখ জলে ভিজে গেলেও কাঁদব না এতটুকু, বরং খুশি থাকব সুন্দর কিছু সময় জীবনে এসেছিল বলে। কারণ, এমনটাই ওয়াল্টার চেয়েছেন আমাদের কাছে তাঁর এপিটাফে।
কেকা অধিকারী