এফএ কাপ চেলসির ঘরেই
লিভারপুলের ‘ডাবল’ জয়ের স্বপ্নে পানি ঢেলে এফএ কাপের শিরোপা জিতে নিল চেলসি। অধিনায়ক জন টেরি ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়। ইতিহাসে টেরিই প্রথম খেলোয়াড়, যিনি অধিনায়ক হিসেবে একই দলকে চারবার জেতালেন এফএ কাপের শিরোপা।২০০৭, ২০০৯ ও ২০১০ সালেও চেলসি এফএ কাপের শিরোপা জিতেছিল অধিনায়ক টেরির নেতৃত্বে। কাল ওয়েম্বলির ফাইনালেও সেই টেরির নেতৃত্বেই চেলসি ২-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। ভেস্তে যায় ফেব্রুয়ারিতে এই ওয়েম্বলিতেই লিগ কাপ জেতা লিভারপুলের ডাবল জয়ের স্বপ্ন। সর্বশেষ ছয় মৌসুমে এফএ কাপে এটা চেলসির চতুর্থ শিরোপা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে বার্সেলোনার আসল সর্বনাশটা করেছিলেন দিদিয়ের দ্রগবা ও রামিরেস। প্রথম লেগে দ্রগবার গোলে জয়ের পর দ্বিতীয় লেগে রামিরেসের গোল চেলসিকে খুলে দেয় ফাইনালের দরজা। কাল এ দুজনের গোলেই চেলসি ঘরে তুলল এফএ কাপে নিজেদের সপ্তম শিরোপা। সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকেও যেন দিয়ে রাখল এক বার্তা, ‘এই চেলসি বদলে যাওয়া অন্য এক চেলসি।’আর? জোরালো হলো অন্তর্বর্তী কোচ রবার্তো ডি মাত্তেওর স্থায়ী কোচ হিসেবে থেকে যাওয়ার সম্ভাবনা। অধিনায়ক টেরি আগেই বলেছিলেন, ডি মাত্তেওর থেকে যাওয়ার দাবিটা জোরালো করতেই তাঁরা এফএ কাপ জিততে চান। টেরিরা কথা রেখেছেন। ডি মাত্তেও ১৯৯৭ ও ২০০০ সালে চেলসিকে এফএ কাপ জিতিয়েছিলেন খেলোয়াড় হিসেবে, এবার জেতালেন কোচ হিসেবেও।১১ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান রামিরেস। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দ্রগবা। বদলি হিসেবে নামা অ্যান্ডি ক্যারলের ৬৪ মিনিটের গোলে লিভারপুল ম্যাচে ফিরেও এসেছিল দারুণভাবে। কিন্তু শেষ রক্ষা হয়নি। এএফপি।