এফএ কাপ থেকে ইউনাইটেডের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেডের বিপক্ষে জয়সূচক গোলটি করছেন উইলফ্রিড ছবি: রয়টার্স।
ইউনাইটেডের বিপক্ষে জয়সূচক গোলটি করছেন উইলফ্রিড ছবি: রয়টার্স।

দুরাবস্থা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দশাগ্রস্ত ইউনাইটেড এবার বিদায় নিয়েছে এফএ কাপের মঞ্চ থেকে। এই প্রতিযোগিতার তৃতীয় পর্বে সোয়ানসি সিটির কাছে হারের ব্যাপারটি সমর্থকদের কল্পনাতে না থাকলেও ঘরের মাঠে ঠিকই তাদের ২-১ গোলে হারের লজ্জা মাথায় নিতে হয়েছে। ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে এটাই সোয়ানসি সিটির প্রথম জয়।
খেলার ১২ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। গোল করেন সোয়ানসির ওয়েইন রটলেজ। তবে এর ঠিক চার মিনিট পরেই ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান হাভিয়ের হার্নান্দেজ। খেলার ইনজুরি সময়ে ওল্ডট্র্যাফোর্ডের দর্শকদের হতবাক করে দিয়ে সোয়ানসির পক্ষে জয়সূচক গোল করেন তাদের আইভরিয়ান স্ট্রাইকার উইলফ্রিড বনি।
এর আগে, খেলার ৮০ মিনিটে ফ্যাবিওর লালকার্ডে দশজনী দলে পরিণত হয় ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে, এফএ কাপে তৃতীয় পর্বের বাধা খুব সহজেই পেরিয়ে গেছে চেলসি আর লিভারপুল। প্রথম বিভাগের দল ডার্বি কাউন্টিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। দ্বিতীয় বিভাগের দল ওল্ডহ্যাম অ্যাথলেটিকের বিপক্ষে লিভারপুলও জয় পেয়েছে একই ব্যবধানে। সূত্র: রয়টার্স।