এফএ কাপে উত্তাপের দিন
ঘটনাবহুল সেই লিগ ম্যাচের পর আজ আবার লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি, এবারও অ্যানফিল্ডে। ম্যাচটি এফএ কাপের। ওদিকে কুইন্সপার্ক রেঞ্জার্সের সঙ্গে চেলসির খেলাটাও আজ। দুটি ম্যাচই ছড়াচ্ছে উত্তেজনা।গত ১৫ অক্টোবর লিগ ম্যাচ খেলতে অ্যানফিল্ডে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের বিপক্ষে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ তোলেন ম্যানইউর ফরাসি তারকা প্যাট্রিস এভরা। পরে সেই ঘটনার জেরে সুয়ারেজ ভোগ করছেন ৮ ম্যাচের নিষেধাজ্ঞা।সুয়ারেজের নিষেধাজ্ঞাই আজ স্বাগতিক লিভারপুল সমর্থকদের মনে জ্বালিয়ে দিতে পারে ক্ষোভের আগুন। লিভারপুল শিবিরের দাবি, সুয়ারেজ ছিলেন নির্দোষ, এভরা মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিয়েছেন। তাদের ‘নিষ্পাপ’ সুয়ারেজকে আজকের ম্যাচে বসে থাকতে হবে বেঞ্চে, আর ‘শত্রু’ এভরা কিনা দাপিয়ে বেড়াবেন মাঠ!সমর্থকেরা অসহিষ্ণু হয়ে উঠতে পারে বলে শঙ্কিত দুই শিবিরই। তাই শান্তির পতাকা ওড়ানো হচ্ছে দুই পক্ষ থেকেই। ম্যানইউ সমর্থকদের অন্য সব ভুলে শুধু ফুটবলের জন্যই সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যালেক্স ফার্গুসন, ‘আপনাদের সমর্থনটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ডের কণ্ঠে ম্যানইউ কোচের কথারই প্রতিধ্বনি। তাঁর কথা, লিভারপুল-ম্যানইউ লড়াইটা চিরকালীন, মানুষ যেন ম্যাচটিকে শেষ পর্যন্ত মনে রাখে শুধু ফুটবলের কারণেই।একই রকম বর্ণবাদী ‘গন্ধ’ গায়ে নিয়ে একই রকম করে ফুটছে কুইন্স পার্কের লফটাস রোডও। গত ২৩ অক্টোবর রেঞ্জার্সের মাঠেই খেলতে গিয়েছিল চেলসি। রেঞ্জার্সের ১-০ গোলে জেতা সেই ম্যাচে চেলসি অধিনায়ক জন টেরিও নাকি বর্ণবাদী গালি দিয়েছিলেন রেঞ্জার্স ডিফেন্ডার অ্যান্টোন ফার্ডিনান্ডকে। অমীমাংসিত সেই ঘটনা এখন আদালতে। আজও সেই লফটাস রোডেই যাচ্ছে চেলসি। এখানে উত্তেজনাটা ছড়াবে আরও বেশি। কারণ মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন অক্টোবরের ওই ঘটনার দুই ‘নায়ক’ টেরি-ফার্ডিনান্ড। এএফপি।