এফএ কাপের শেষ আটে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসিকে বাঁচাবেন কী, নিজের সংসার বাঁচাতেই তো ব্যস্ত জন টেরি। এফএ কাপে পরশুর ম্যাচে তাই ছিলেন না তিনি। তাঁর অনুপস্থিতির পাশাপাশি তাঁকে ঘিরে ছিল উদ্ভট বিতর্কের রেশ। কিন্তু সব সমস্যা পেছনে ফেলে এফএ কাপের শেষ আটে উঠে গেছে চেলসি। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা চ্যাম্পিয়নশিপের ক্লাব কার্ডিফকে।গতবারের চ্যাম্পিয়নদের ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিতে গোল করেছেন দিদিয়ের দ্রগবা, মাইকেল বালাক, স্টারিজ ও সলোমন কালু। এত বিতর্ককে পাশে রেখে এমন এক জয়ের পর খুব উচ্ছ্বসিত চেলসির সহকারী কোচ রে উইলকিনস, ‘আজকের (শনিবার) ম্যাচে আমাদের খেলোয়াড়েরা যেমন খেলল তাতে শুধু জাতটাই দেখায়নি, তারা পেশাদারিরও পরিচয় দিয়েছে।’ পরশু শেষ আটে পৌঁছে গেছে আরেক সমস্যা-জর্জর ক্লাব পোর্টসমাউথ। সাউদাম্পটনকে একই ব্যবধানে হারিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন পোর্টসমাউথ কোচ আভরাম গ্রান্টও, ‘আমি খুব আবেগতাড়িত হয়ে পড়েছি। এটা আসলেই আবেগের এক ম্যাচ ছিল। আপনি যদি জেতেন তাহলে আড়াই লাখ লোক আনন্দে ভাসবে। ফুটবল এমনই।’ এএফপি।