এফটিপি চুক্তি থাকছে না
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রস্তাব অনুমোদন হলে আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) ধরনও আমূল বদলে যাবে।
এফটিপি চুক্তিটা এখন হয় আইসিসির সঙ্গে আইসিসির সদস্য দেশগুলোর। এতে ঠিক হয় বাংলাদেশ বছরে কোন দলের সঙ্গে কয়টা দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। এসব ক্ষেত্রে অনেক সময় ছোট দলগুলোর সঙ্গে বড় দলগুলোকে খেলতে রাজি করানোর একটা ভূমিকা থাকে আইসিসির। কিন্তু নতুন প্রস্তাব অনুমোদিত হলে এ রকম কিছুই থাকবে না। সফর পরিকল্পনা চুক্তি তখন হবে শুধু সদস্য দেশগুলোর মধ্যে। দ্বিপক্ষীয় চুক্তি ছাড়া কোনো দেশই কোনো দেশকে তাদের বিপক্ষে খেলার জন্য জোর করতে পারবে না। আইসিসিও পারবে না দুটি দেশের দ্বিপক্ষীয় চুক্তিতে হস্তক্ষেপ করতে।
দুবাইয়ে গত ৯ জানুয়ারি হওয়া সভায় আইসিসির সব সদস্য দেশগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে এফটিপি থেকে বেরিয়ে আসার এই প্রস্তাব। প্রস্তাবে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সিরিজের চুক্তিতে আইসিসির সংশ্লিষ্টতা থাকবে না। তার মানে প্রস্তাবটি অনুমোদন পেলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ভারতের মতো বড় বড় দলগুলোর সঙ্গে খেলার জন্য আইসিসির সাহায্য বা সমর্থন পাবে না বাংলাদেশের মতো দলগুলো। পরিবর্তে যেসব পূর্ণ সদস্য দল অন্য পূর্ণ সদস্য দলের সঙ্গে খেলতে চাইবে, তারা চাইলে নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সফর পরিকল্পনা করতে পারবে। চুক্তি অনুযায়ী দলগুলোর মধ্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন কটি ম্যাচ হবে, সেটা ঠিক করবে সংশ্লিষ্ট দলগুলোই।
বর্তমান পদ্ধতিতে অর্থনৈতিকভাবে অলাভজনক প্রচুর সফর হচ্ছে—আইসিসির অর্থ ও বাণিজ্যসংক্রান্ত কমিটির প্রস্তাবে পুরোনো এফটিপি প্রথা বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে এটাই। প্রস্তাবে আইসিসিতে প্রশাসনিক এবং আর্থিক পরিবর্তন আনার কথাও বলা হয়েছে। পুরো ক্ষমতাই তখন থাকবে সিএ, বিসিসিআই ও ইসিবির হাতে। এমনকি অর্থ ও বাণিজ্যসংক্রান্ত কমিটির গুরুত্বপূর্ণ পদও অলঙ্কৃত করবে তারাই। আইসিসির আয় থেকে রাজস্বের বড় অংশটাও যাবে তাদের ভান্ডারেই।
কোনো কোনো পরিস্থিতিতে দ্বিপক্ষীয় চুক্তিগুলো ভাঙলে সেটা অন্যায় হবে না, প্রস্তাবে উল্লেখ আছে সেটাও। প্রাকৃতিক বিপর্যয়, অন্য পক্ষের চুক্তিভঙ্গ বা সফরকারী দলের সম্প্রচারকারীদের সঙ্গে যদি স্বাগতিক বোর্ডের মিডিয়া স্বত্বাধিকারীদের আইনি লড়াই থেকে থাকে, কেবল সেসব ক্ষেত্রেই অমান্য করা যাবে দ্বিপক্ষীয় চুক্তি। এ ছাড়া দুই বোর্ড একমত না হলে প্লেয়িং কন্ডিশনও বদলানো যাবে না। ওয়েবসাইট।