এবার অধিনায়ক মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই যাঁকে বল হাতে আগুন ঝরাতে দেখেন, সেই বাদামিরঙা ঝাঁকড়াচুলো লোকটাকে দেখবেন টস করতে নামতে। পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে প্রথমবারের মতো টস করতে নামবেন লাসিথ মালিঙ্গা। গত পরশু ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে মন্থর ওভাররেটের শাস্তি পেতে হয়েছে চান্ডিমালকে। এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে তাঁর জরিমানাও হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ। তাই তাঁর বদলে নেতৃত্ব দেবেন মালিঙ্গা।
মন্থর ওভাররেটের মাশুল গুনে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসও। ২৪ মার্চ নিউজিল্যান্ডের পর পরশু হল্যান্ডের সঙ্গেও ওভার শেষ করতে বেশি সময় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সে কারণেই আজ ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে ডু প্লেসিসকে। এদিক দিয়ে স্টুয়ার্ট ব্রডের ভাগ্য ভালো। জরিমানা গুনলেও তাঁকে নিষিদ্ধ হতে হয়নি। পরশু নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার সময় বেশি নিয়েছে ইংল্যান্ড। সে কারণে ব্রডের জরিমানা ম্যাচ ফির ৪০ শতাংশ।
চান্ডিমালও একা নন, গোটা শ্রীলঙ্কা দলেরই জরিমানা হয়েছে, ১০ শতাংশ। গত নভেম্বরে নিউজিল্যান্ডের সঙ্গে মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিয়েছেন চান্ডিমাল। আইসিসির নিয়মানুযায়ী এক বছরের মধ্যে এটার পুনরাবৃত্তি হলে পত্রপাঠ নিষেধাজ্ঞা। সে কারণেই এবার দলের বাইরে চান্ডিমাল। ওয়েবসাইট।