এবার অনিশ্চিত সুয়ারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

সতীর্থদের সঙ্গে অনুশীলন করবেন বলে তর সইছিল না। দেশে ফেরার পরের দিনই তাই উরুগুয়ের অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন লুইস সুয়ারেজ। কে জানত ওই এক দিন অনুশীলনের পরই এত বড় দুঃসংবাদটা শুনতে হবে তাঁকে! হাঁটুতে কিছুটা অস্বস্তি বোধ করার পরশু অনুশীলন শেষে গেলেন এমআরআই করাতে। সেটির রিপোর্টই দিল দুঃসংবাদ। হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। সুস্থ হয়ে ফিরতে অন্তত কয়েক সপ্তাহ লাগবে। তার মানে, বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেল উরুগুইয়ান স্ট্রাইকারের! লিভারপুলের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানো সুয়ারেজ প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে করেছেন ৩১ গোল। বিশ্বকাপে ইতালি, ইংল্যান্ড ও কোস্টারিকাকে নিয়ে গড়ে ওঠা ‘মৃত্যুকূপ’ থেকে বেরিয়ে আসার জন্য উরুগুয়েকে তাকিয়ে থাকতে হবে তাঁর দিকে। হঠাৎ করে তাঁর এই চোট পাওয়ার খবরে তাই কেঁপে উঠেছে উরুগুয়ে। বিশ্বকাপও কি একটি ‘তারা’ হারানোর শঙ্কায় কেঁপে ওঠেনি? চোটের কারণে ইতিমধ্যে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও আর স্পেনের ডিয়েগো কস্তার। দুজনই যদিও আশাবাদী বিশ্বকাপের আগেই পুরো ফিট হয়ে ফিরবেন। সুয়ারেজকে নিয়েও একই আশা উরুগুয়ের। এ জন্যই দেরি না করে করে কালই তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে হাঁটুর ক্ষতিগ্রস্ত ‘মিনিসকাসে’। সুয়ারেজের মা সান্দ্রা দিয়াজ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতাল থেকেও তাঁর ছেলে ছাড়া পেয়ে গেছেন কালই। পরে টুইটারে সমর্থকদের আশ্বস্ত করেছেন উরুগুইয়ান তারকা নিজেও, ‘আমার অবস্থা খুব ভালো এবং দৌড়াতেও কোনো সমস্যা হচ্ছে না। ধৈর্য্য ধরার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বকাপে খেলবই।’
এ ধরনের অস্ত্রোপচারের পর সাধারণত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে পুরো ফিট হতে। তবে তাঁর চিকিৎসক সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড এনজো ফ্রান্সেসকোলির ভাই লুইস ফ্রান্সেসকোলি আশ্বাস দিয়েছেন, তিন সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন লিভারপুল স্ট্রাইকার। আশায় আছেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক রবার্তো পাস্তোরিজাও, ‘আমার কাছে সর্বশেষ যে প্রতিবেদন আছে তাতে আমি খুবই আশাবাদী যে সুয়ারেজ বিশ্বকাপে থাকবে।’ একই আশা যে তাঁর মতো ৩৩ লাখ উরুগুইয়ানের, তাতে কোনো সন্দেহ নেই। ওয়েবসাইট।