এবার অন্য কৌশল মরিনহোর
ব্যর্থ হোসে মরিনহো। ওয়েইন রুনিকে পেতে চেষ্টার কোনো কমতি রাখেননি। কিন্তু না বিক্রি করার সিদ্ধান্তে অটল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে শেষ পর্যন্ত বোধ হয় হারই মানতে হচ্ছে তাঁকে। মরিয়া চেলসি কোচ তাই এবার বেছে নিয়েছেন অন্য কৌশল। ওল্ড ট্রাফোর্ডে থাকলে নিয়মিত খেলা হবে না, আর নিয়মিত খেলা না হলে বিশ্বকাপের দলে ডাক পাওয়া কঠিন হয়ে যাবে—রুনিকে এই সতর্কবার্তা দিলেন তিনি!কথাটা এমনিতে মিথ্যে নয় একেবারে। বিশ্বকাপের আগের বছর বলে সব ফুটবলারই চাইছেন ক্লাবের হয়ে বেশি বেশি খেলে জাতীয় দলের কোচের নজর কাড়তে। বার্সেলোনা ছেড়ে যে কারণে ডেভিড ভিয়াও খুব অল্প দামে চলে গেছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। ইংল্যান্ডের বিশ্বকাপ দলে থাকতে হলে রুনিকেও প্রমাণ করতে হবে নিজেকে। কিন্তু কিছুদিন আগে গুঞ্জন রটেছে, ইউনাইটেডের নতুন কোচ ডেভিড ময়েস নাকি চাইছেন রুনিকে বদলি স্ট্রাইকার হিসেবে খেলাতে। তাঁর প্রথম পছন্দ রবিন ফন পার্সি। ব্যাপারটা সত্যি হলে রুনির জন্য খারাপই হবে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে দল নিয়ে মালয়েশিয়ায় থাকা চেলসি কোচ পরশু এক সংবাদ সম্মেলনেও সেই ইঙ্গিতই দিলেন, ‘কেউ যদি বিশ্বকাপ খেলতে চায়, অথচ ক্লাবের বদলি খেলোয়াড় হয়, তাহলে আমি বলব সে খুব সমস্যায় আছে। খুবই সমস্যায় আছে।’বিশ্বকাপের দলে থাকতে হলে যে ক্লাবের হয়ে নিয়মিত খেলাটা জরুরি, সেটা বুঝিয়ে দিলেন, একই সঙ্গে আভাস দিলেন চেলসিতে আনতে পারলে রুনিকে নিয়মিত খেলাবেন, ‘সাধারণত কেউ যদি জাতীয় দলে থাকতে চায়, তাহলে তার ক্লাবের প্রথম পছন্দ হওয়াটা জরুরি। বিশ্বকাপের কথা ভাবলে অবশ্যই ক্লাবে নিয়মিত খেলতে হবে।’ এএফপি।