এবার অন্য রকম দক্ষিণ আফ্রিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বিশ্বকাপ আসছে। যথারীতি আছে দক্ষিণ আফ্রিকা। আছে আগ্রহও, এবার কীভাবে ছিটকে পড়বে দক্ষিণ আফ্রিকা? বর্ণবাদের কালো মেঘ সরিয়ে ক্রিকেটে ফেরার পর প্রতিটি বিশ্বকাপেই প্রোটিয়ারা ছিল ফেবারিটদের কাতারে। কিন্তু ভালো খেলতে খেলতেই অদ্ভুত সব উপায়ে বাদ পড়ার একটা রাস্তা তারা ঠিকই বের করে ফেলে। তবে গ্রায়েম স্মিথ আশ্বস্ত করছেন, এবার এমন কিছু হবে না। কারণ তাঁদের প্রস্তুতি এবার আগের চেয়ে ভালো, চাপও কম।গত বিশ্বকাপের সময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের আগ পর্যন্ত খেলছিলও দারুণ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে একপ্রকার উড়েই যায় তারা। সেই দলের অধিনায়ক স্মিথ নেতৃত্ব দেবেন এবারও। ওই দলের চেয়ে এবারের দলকেই এগিয়ে রাখলেন বাঁহাতি ওপেনার, ‘২০০৭ বিশ্বকাপের দিকে তাকালে মনে হয় সেই দলটা একট বেশিই অনমনীয় ছিল। একই ধরনের ক্রিকেটার অনেক বেশি ছিল। এবার দল অনেক উন্মুক্ত, অনেক বিকল্প আছে। ওই দলের অভিজ্ঞতা বেশি ছিল, কিন্তু এই দলের শক্তি তারুণ্য ও বৈচিত্র্য। আমাদের গতিময় বোলার আছে, কার্যকরী স্পিনার আছে। অনেক বৈচিত্র্য দলে, যা ছিল না ২০০৭ বিশ্বকাপের দলে।’প্রত্যাশার চাপ কম থাকাটাও দলের জন্য ভালো হচ্ছে বলে ধারণা স্মিথের, ‘২০০৭ বিশ্বকাপে আমাদের প্রত্যাশা ছিল শিরোপা জিততেই হবে। নিজেদের ওপর অনেক চাপ নিয়েছিলাম। এবারও শিরোপা জয়ের মানসিকতা নিয়েই যাচ্ছি, না হলে তো আর বিশ্বকাপ খেলার মানে নেই। কিন্তু এবার আমরা অনেক রিলাক্সড। লক্ষ্য অবশ্যই ফাইনাল খেলা, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা খুব বেশি দূরে দৃষ্টি দিতে চাই না। এগোতে চাই ধাপে ধাপে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার আমরা নির্ভার।’অধিনায়কের কথার প্রতিধ্বনি ছিল ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যান হাশিম আমলার কণ্ঠেও, ‘আগে দল ছিল তারকা ক্রিকেটারে ঠাসা, র‌্যাঙ্কিংয়েও ছিল শীর্ষে। প্রত্যাশাও ছিল তাই আকাশচুম্বী। সবাই তাই অনেক চাপে ছিল। কিন্তু এবারের অভিজ্ঞতা অন্য রকম। এবার আমাদের নিয়ে আলোচনা কম এবং আমরা এটা উপভোগ করছি।’স্মিথ-আমলার কথা সত্যি হলে ক্রিকেট রোমান্টিকদের হতাশ হওয়ারই কথা। বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা মানেই অদ্ভুত কিছু দেখার রোমাঞ্চ। সেটাই যদি না থাকল, তাহলে আর মজাটাই বা কী থাকল! ওয়েবসাইট।