এবার অবশ্যই জিততে চান রিবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অংশ নিতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। এর আগের দুটি আসরেই ব্যর্থতার মুখ দেখেছে জার্মানির এই সেরা ক্লাবটি। তবে এবার যেকোনো মূল্যে শিরোপা জয়ের স্বাদ পেতে চান বায়ার্নের ফরাসি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি। আগেরবারের ফাইনালগুলোতে ব্যর্থ হলেও সেগুলোর অভিজ্ঞতাটাই এবার কাজে লাগাতে চান এই তারকা ফুটবলার।২০০৯-১০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বায়ার্ন মিউনিখ হেরেছিল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের কাছে। গত মৌসুমেও ফাইনাল নিশ্চিত করেছিল বায়ার্ন। কিন্তু সেবার তাদের শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাত্ করে দিয়েছিল ইংলিশ ক্লাব চেলসি। এবারের মৌসুমে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষ স্বদেশি ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড। অল জার্মান ফাইনালে কোনোভাবেই ব্যর্থ হতে চান না ফ্রাঙ্ক রিবেরি। বায়ার্নের ফরাসি এই মিডফিল্ডার বলেছেন, ‘সমর্থকদের জন্য, পুরো ক্লাবের জন্য আমাদের এবার জিততেই হবে। এটা আমাদের তৃতীয় ফাইনাল। আমরা অনেক বেশি অভিজ্ঞ। এটা আমাদের জন্য নতুন কিছু না। সবাই খুব ভালোমতোই জানে যে ফাইনালে কীভাবে খেলতে হয়।’রিবেরি সবচেয়ে বড় অনুপ্রেরণাটা খুঁজছেন সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে খেলা ম্যাচ দুটি থেকে। তিনি বলেছেন, ‘বার্সেলোনার বিপক্ষে আমরা যেভাবে খেলেছিলাম, সেটাই যদি খেলে যেতে পারি তাহলে আমাদের অনেক সম্ভাবনা আছে।’ সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৭-০ গোলের বড় ব্যবধানের জয় পেয়ে ফাইনালে এসেছে বায়ার্ন মিউনিখ।আগামী শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়নস লিগের অল জার্মান ফাইনাল।— টাইমস অব ইন্ডিয়া