এবার অবস্থান ধর্মঘট
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল অবস্থান কর্মসূচি পালন করেছেন খেলোয়াড়েরা। স্টেডিয়ামের প্রবেশপথে বিকেল চারটা থেকে ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে খেলোয়াড়েরা জেলা প্রশাসকের গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে স্টেডিয়ামে অনুশীলন করেন। একই সময় স্টেডিয়ামের ভেতর মেলার প্যান্ডেল তৈরির কাজ করতে দেখা যায় শ্রমিকদের।নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে গত সোমবার মানববন্ধন করায় খেলোয়াড়েরা বিনা অনুমতিতে স্টেডিয়ামে ঢুকলে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। গত মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার জরুরি বৈঠকে ওই হুমকি দেওয়া হয়।গতকাল বিকেল থেকে বিভিন্ন ক্রীড়া সংগঠনের খেলোয়াড়েরা শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে জড়ো হতে থাকেন। চারটার দিকে খেলোয়াড়েরা স্টেডিয়ামের প্রবেশপথে অবস্থান নেন। ঘণ্টাব্যাপী অবস্থানকালে খেলোয়াড়েরা অভিযোগ করেন, বর্তমান ডিসি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বরত অবস্থায় গত সাত মাসে স্টেডিয়ামে ছোট-বড় কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি। একাধিক খেলোয়াড় ক্ষোভ প্রকাশ করে বলেন, খেলার মাঠ খেলোয়াড়দের জন্য। খেলোয়াড়েরা এখানে আসবেনই। ডিসি যে হুমকি দিয়েছেন, এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।একই দাবিতে সকাল সাড়ে ১০টায় কিশোর ও তরুণ খেলোয়াড়েরা নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল হাসান মীরন জানান, ‘বর্তমানে মাঠে কোনো খেলা না থাকায় মেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মেলার কারণে মাঠের কোনো ক্ষতি হলে জেলা প্রশাসক নিজে দায়িত্ব নিয়ে তা ঠিক করে দেওয়ার কথা বলেছেন।’উল্লেখ্য, খেলোয়াড়দের খেলাধুলা ও অ্যাথলেটদের অনুশীলন বন্ধ রেখে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ১ মে থেকে শিল্প ও বাণিজ্য মেলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। এ সিদ্ধান্তের প্রতিবাদে জেলা শহরের বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের সদস্য এবং জাতীয় অ্যাথলেটরা গত সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে জেলা প্রশাসক এই কর্মসূচি পালনকারী কেউ স্টেডিয়ামে ঢুকলে গ্রেপ্তার করার হুমকি দেন।