এবার অলিম্পিক আয়োজনের কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা
এককালে ‘অন্ধকারাচ্ছন্ন’ মহাদেশ আফ্রিকায় কখনো ফুটবলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে—এমনটা কেউ কখনোই চিন্তা করেনি। ২০০৪ সালে ফিফা যখন দক্ষিণ আফ্রিকার নাম ১৯তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে ঘোষণা করল, তখন অনেকেই নাক-মুখ বিকৃত করে বলেছিল, ‘আফ্রিকায় বিশ্বকাপ? ডুবেছে, ফিফা এবার ডুবেছে!’ অনেকেরই ধারণা ছিল, দক্ষিণ আফ্রিকার পক্ষে কখনোই বিশ্বকাপের মতো ইভেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব নয়। তবে সব জল্পনা-কল্পনা আর আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে গত এক মাস দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সফল আয়োজন করে প্রমাণ করেছে নিজেদের যোগ্যতা। দক্ষিণ আফ্রিকার অনেক কট্টর সমালোচকও এখন ‘স্পিকটি নট’।দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়ে ফিফা সবচেয়ে বেশি চিন্তিত ছিল দেশটির আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে। গত এক মাসে দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে, তাদের আয়োজনী যোগ্যতার কাছে এসব কোনো সমস্যা নয়। এবারের বিশ্বকাপে বিদেশি দর্শকদের যে আকাল হওয়ার কথা ছিল, তাও কেটে গেছে বিশ্বকাপের মাঝামাঝি সময় থেকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকেরা দক্ষিণ আফ্রিকায় এসে প্রাণভরে উপভোগ করেছে বিশ্বকাপ, সেই সঙ্গে দেশটির সংস্কৃতি ও জীবনাচরণ। দক্ষিণ আফ্রিকার সংস্কৃতির অংশ ‘ভুভুজেলা’ তো এখন বিশ্ব ফুটবল সংস্কৃতিরই একটা অংশ।বিশ্বকাপের সফল আয়োজনের পর দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস এখন আকাশছোঁয়া। এর আগে ১৯৯৫ সালে রাগবি এবং ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনকারী দক্ষিণ আফ্রিকার স্বপ্ন এখন ক্রীড়াযজ্ঞ ‘বিশ্ব অলিম্পিক’ আয়োজনের। শোনা যাচ্ছে, ২০২০ সালের অলিম্পিক আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার অন্যতম বড় শহর ডারবান প্রার্থিতা ঘোষণা করবে।অলিম্পিক আয়োজনের স্বীকৃতিটা পাওয়া কিন্তু সহজ কোনো ব্যাপার নয়। বিশ্বকাপ আয়োজনের স্বীকৃতি পাওয়ার থেকেও অলিম্পিক আয়োজনের স্বীকৃতি আদায় করাটা অনেক কঠিন। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনেকেই চাইছেন দক্ষিণ আফ্রিকা যেন অলিম্পিক আয়োজনের দাবি জানায়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী বোর্ডের সদস্য ক্রেইগ রেডি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় দুটি ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে অলিম্পিক আর বিশ্বকাপ ফুটবল। দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপটা যে রকম উত্সাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আয়োজন করল আমি নিশ্চিত, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যরা সবাই সেটা দেখেছেন। আমার মনে হয়, এখন দক্ষিণ আফ্রিকা যদি অলিম্পিক আয়োজনের প্রস্তাব দেয় তাহলে কেউই খুব একটা অবাক হবেন না।’দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাও অলিম্পিক আয়োজনের স্বীকৃতি পাওয়ার ব্যাপারে আশাবাদী। অলিম্পিক আয়োজনে দক্ষিণ আফ্রিকার সব ধরনের সুযোগ-সুবিধাই আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে নিজেদেরকে খুব ভালোমতোই চেনাতে পেরেছি। আমার দৃঢ় বিশ্বাস আমরা অলিম্পিকও আয়োজন করতে পারব।’দক্ষিণ আফ্রিকা অবশ্য এর আগে ২০০৪ সালে কেপটাউনে অলিম্পিক আয়োজনের আবেদন জানিয়েছিল। কিন্তু সেবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাদেরকে সেই সুযোগ দেয়নি, নানা সমস্যার কথা উল্লেখ করে।