এবার অস্ট্রেলিয়া থেকেই বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিগ থ্রি’ এবার বড় ধাক্কাই খেল। এত দিন ‘বিগ থ্রি’র বাইরে থাকা দেশগুলো থেকেই আসছিল প্রতিবাদ। সেই প্রতিবাদে এবার যোগ দিলেন দুই অস্ট্রেলীয় ম্যালকম স্পিড ও মালকম গ্রে। ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির বড় পদে থাকা সাবেক এই দুই কর্মকর্তা আছেন প্রস্তাব প্রত্যাহারে আইসিসিকে দেওয়া বিভিন্ন ক্রিকেট বোর্ডের সাবেক প্রধানদের দেওয়া চিঠির পক্ষে। চিঠিতে আইসিসিকে দ্রুত ‘পজিশন পেপার’ প্রত্যাহার করতে অনুরোধ করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এই দুজনের বিরোধিতা নতুন মাত্রা আনল প্রতিবাদে।
ফাঁস হয়ে যাওয়া প্রস্তাবের বিরোধিতা করে চিঠিটি লিখেছেন আইসিসির সাবেক সভাপতি এহসান মানি। যাতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক দুই সভাপতি শাহরিয়ার খান ও তৌকির জিয়া, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড এবং ম্যালকম স্পিড ও ম্যালকম গ্রে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রশাসনিক কোনো পদে না থাকলেও এখনো অস্ট্রেলিয়ার ক্রিকেটে যথেষ্ট প্রভাব স্পিড-গ্রের। সিএর অনেক কার্যক্রম ও সিদ্ধান্তে বড় ভূমিকা থাকে তাঁদের। সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের সঙ্গে ভালো সম্পর্ক থাকা স্পিড ছিলেন আর্গাস কমিটিরও সদস্য।
চিঠিতে শুধু ‘বিগ থ্রি’র প্রস্তাব প্রত্যাহারই করতে বলা হয়নি, ২০১২ সালের উলফ রিপোর্ট বাস্তবায়নেরও অনুরোধ করা হয়েছে। লর্ড উলফের ওই প্রতিবেদনে আইসিসি পরিচালনা কাঠামোর পরিবর্তনের প্রস্তাব ছিল। এহসান মানির যুক্তির সঙ্গে একমত দক্ষিণ আফ্রিকান বোর্ডের প্রথম ব্যবস্থাপনা পরিচালক আলী ব্যাখারও। আইসিসির সভাপতি অ্যালান আইজ্যাককে চিঠি লিখেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ভেটো ক্ষমতার দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন ব্যাখার। ‘পজিশন পেপার’ গৃহীত হলে ক্রিকেট বিশ্ব যে দুই ভাগ হয়ে বিপদে পড়ে যাবে, ব্যাখার লিখেছেন সেটাই। ওয়েবসাইট।