
‘ওয়াকা ওয়াকা’—২০১০ ফিফা বিশ্বকাপের এই থিম সং এখনো ঘুরে ফিরছে ফুটবলপ্রেমীদের মুখে মুখে। কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরার কণ্ঠে দারুণ জনপ্রিয়তা পাওয়া এই গান ইউটিউবে দেখেছিল ৫০ লাখেরও বেশি মানুষ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের থিম সং নাকি একই রকম ঝড় তুলবে। ফিফা মহাসচিব জেরম ভালকের বিশ্বাস তো তেমনই।
এবার শাকিরা না থাকুন, তিনজন জনপ্রিয় তারকা গাইছেন ব্রাজিল বিশ্বকাপের থিম সং। নামগুলো বেশ বড়—মার্কিন অভিনেত্রী-সংগীতশিল্পী জেনিফার লোপেজের সহশিল্পী হিসেবে থাকছেন ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী ক্লদিয়া লেইতে এবং কিউবান-আমেরিকান র্যাপ সংগীতশিল্পী পিটবুল। এই ত্রয়ীর পরিবেশনায় ব্রাজিল বিশ্বকাপের থিম সংয়ের রেকর্ডিংও শেষ।
‘উই আর ওয়ান’। মানে ‘আমরা সবাই এক’। থিম সংয়ের মূল এই বার্তা পরশু রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ঘোষাণও করা হলো। লোপেজ সেখানে উপস্থিত না থাকায় অনুষ্ঠানটা হয়তো পূর্ণতা পায়নি, তবে ভালকে খুবই উচ্ছ্বসিত থিম সং নিয়ে, ‘একমাত্র সংগীত এবং ফুটবলই পারবে স্টেডিয়ামের ৮০ হাজার মানুষকে আকৃষ্ট করতে। তবে কনসার্টে শিল্পী থাকেন একজন, ফুটবলে ২২ জন।’
গানের জগতের বাসিন্দারাই ভালো বলতে পারবেন গানটি কেমন হলো? তবে পিটবুল আশা করছেন এই থিম সং সবার ভালো লাগবে, ‘আমরা এখানে সব বাধা ভেঙে দেব। দেখিয়ে দেব ফুটবল আর গান, আমরা এক।’ লেইতে তো এমনও আশা করছেন, ‘সংগীত আমার প্যাশন। ফুটবল ব্রাজিলিয়ানদের প্যাশন। এটা আমাদের ব্রাজিলিয়ানদের জন্য বিশেষ এক মুহূর্ত। আমরা জানি কীভাবে উদ্যাপন করতে হয়।’
ফুটবল যে ব্রাজিলিয়ানদের রক্তে মিশে আছে, সেটি আরেকবার মনে করিয়ে দিলেন ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য কাফু। তাঁর বিশ্বাস, ব্রাজিলের সংস্কৃতি আর ফুটবল যে মিলেমিশে একাকার, থিম সংটা বিশ্ববাসীর সামনে তা ফুটিয়ে তুলবে দারুণভাবে। এএফপি।