এবার আঙুলে চোট মাহমুদউল্লাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেঙ্গু জ্বরকে হারিয়ে ঘোষণা দিয়েছিলেন, ‘আমি এখন পুরোপুরি ফিট।’ সম্ভাবনা জেগেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফেরার। কিন্তু দুর্ভাগ্য মাহমুদউল্লাহর। ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে আগামীকাল থেকে শুরু দ্বিতীয় টেস্টেও দলের বাইরেই থাকছেন বাংলাদেশ সহ-অধিনায়ক। শুধু এই টেস্টই অবশ্য নয়, তাঁকে বিশ্রামে থাকতে হবে তিন সপ্তাহ।সুস্থ হয়ে কয়েক দিন হলো অনুশীলনে ফিরেছেন। জিম, নেটে বোলিং-ব্যাটিং সবই চলছিল। এর মধ্যেই দুর্ঘটনাটা ঘটল গত পরশু ব্যাটিং করার সময়। এক নেট বোলারের একটা বল হঠাৎ করেই লাফিয়ে উঠল। ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। ব্যাটে-বলে হলো না। বলটা এসে লাগল হ্যান্ডেলের গোড়ার দিকে। যেখানে লাগল, বল আর ব্যাটের হ্যান্ডেলের মাঝখানে পড়ে গেল মাহমুদউল্লাহর ডান হাতের বৃদ্ধাঙ্গুল!তাৎক্ষণিকভাবে অবস্থা অতটা গুরুতর মনে হয়নি। বরফ-টরফ দেওয়া হয়েছিল। জমাট বাঁধা রক্তটা বের করে নেওয়ার কথা ছিল কাল সকালে। কিন্তু কাল আবিষ্কৃত হলো, আহত স্থানে নতুন রক্ত জমেছে। এক্স-রে হলো মিরপুরেরই এক হাসপাতালে। তাতে ধরা পড়ল, বলের আঘাতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগের হাড়ে চিড় ধরেছে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর ভাষায়, ‘হাড়ে ফাটল ধরেছে। এ অবস্থায় তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে মাহমুদউল্লাহকে। ৩-৪ দিন পর হয়তো বোলিং শুরু করবে, তবে ব্যাটিং তিন সপ্তাহ পর। এর মধ্যে অন্য কাজগুলো চলবে।’জ্বর থেকে ফিরে নতুন ইনজুরির ধাক্কায় মাহমুদউল্লাহর ভেঙে পড়াই স্বাভাবিক। সহ-অধিনায়ক হওয়ার পর যে এখনো মাঠেই নামা হলো না বাংলাদেশ দলের পক্ষে! তবে বুকভরা হতাশা নিয়েও নিয়তিকে মেনে নিচ্ছেন তিনি, ‘খারাপ লাগছে, অস্বীকার করব না। আমি খেলার জন্য পুরোপুরি তৈরি ছিলাম। ব্যথাটা এমন এক সময়ে পেলাম...। কিন্তু কিছু তো করার নেই। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।’অথচ পরশু ব্যথা পাওয়ার পর মাহমুদউল্লাহ চিন্তাও করেননি যে, এটা এত বড় দুঃসংবাদ বয়ে আনবে। কাল সকালে দলের সঙ্গে যোগ দিয়ে গা গরমের ফুটবলও খেলেছেন। ব্যাট হাতে নেটেও গিয়েছিলেন ব্যাটিং করতে। কিন্তু পারেননি। আঙুলে ব্যথা অনুভব করায় ফিরে এসেছেন নেট থেকে।তিন সপ্তাহ বিশ্রাম মানে আপাতত জাতীয় লিগেও খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। তাঁর চোখ তাই ডিসেম্বরের পাকিস্তান সিরিজে, ‘১৮ তারিখ থেকে পাকিস্তান সিরিজের ক্যাম্প শুরু হবে। আশা করি, দ্রুত সুস্থ হয়ে সেখানে যোগ দিতে পারব।’