এবার আদিবাসীদের বিক্ষোভ

কোথায় ফুটবল-জ্বরে কাঁপবে পুরো দেশ, তা না ব্রাজিল উত্তাল বিশ্বকাপবিরোধী বিক্ষোভে! বেশ কিছুদিন ধরে চলমান বিক্ষোভে এবার ‘বৈচিত্র্য’ নিয়ে যোগ দিল ব্রাজিলিয়ান আদিবাসীরাও। বৈচিত্র্য শুধু প্রতিবাদের ধরনে নয়, আদিবাসী সাজসজ্জায়ও। মুখে রং মেখে, পালকের মুকুট মাথায়, হাতে তির-ধনুক নিয়ে ব্রাজিলের বিভিন্ন জায়গা থেকে আসা অন্তত পাঁচ শ আদিবাসী নেতা-কর্মী পরশু বিক্ষোভ মিছিল করেন রাজধানী ব্রাসিলিয়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে।
বিশ্বকাপের সফল আয়োজনের লক্ষ্যে সময়মতো স্টেডিয়াম আর অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শেষ করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে ব্রাজিল সরকারকে। এর মধ্যে আবার নতুন করে বিশ্বকাপবিরোধী বিক্ষোভেও উত্তাল হয়েছে ব্রাজিল। পরশু ব্রাসিলিয়ায় যে আদিবাসীরা বিক্ষোভ করেছেন তাদের একটি দল অবশ্য অনেক দিন ধরেই ব্রাজিল কংগ্রেসের কাছে ভূমির অধিকারের দাবি জানিয়ে আসছে। ছিল আমাজন বন রক্ষায় সোচ্চার একটি নৃতাত্ত্বিক গোষ্ঠীও। তবে এবারের বিক্ষোভে তাদের স্লোগানের মূল সুর ছিল অন্যদের মতোই বিশ্বকাপবিরোধী—‘কার জন্য এই কাপ? আমাদের জন্য নয়’, ‘কাপ চাই না, চিকিৎসা ও শিক্ষার জন্য অর্থ চাই।’ বিক্ষোভের একপর্যায়ে আদিবাসীরা মারে গারিঞ্চা জাতীয় স্টেডিয়ামের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। আদিবাসীরা তখন তাঁদের ঘোড়া ছুটিয়ে দেন এবং পুলিশকে লক্ষ্য করে তির ছোড়েন । সেই তিরে আহত হয়ে হাসপাতালে যেতে হয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে। তির-ধনুকধারী আদিবাসীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে পরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। ওয়েবসাইট।