এবার আমরা পুরোপুরিই প্রস্তুত’
এবার ইংল্যান্ড প্রস্তুত। ইংলিশরা অন্তত তাই মনে করে। আজ রাতে জার্মানির বিপক্ষে খেলার আগে ইংলিশরা প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো করে। খেলাটি যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে ১৯৯০ সালের দুর্ভাগ্য এড়ানোর জন্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই হচ্ছে ইংলিশ শিবিরে।ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমস আলাদা মনোযোগই পাচ্ছেন কোচ ফ্যাবিও ক্যাপেলোর কাছ থেকে। খেলাটি যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে জেমসই যে হয়ে উঠবেন ইংল্যান্ড দলের মধ্যমণি। ডেভিড জেমস নিজেও নিজের মতো করে প্রস্তুত হচ্ছেন আজকের মহারণকে ঘিরে। ম্যাচটি টাইব্রেকারে গড়ালে জার্মানির পক্ষে পেনাল্টি নিতে পারেন—এমন সম্ভাব্য পাঁচজন খেলোয়াড়কে নানাভাবে বিশ্লেষণ করছেন তিনি নিজের আইপ্যাডে। জেমসের হোটেল রুমে সারাক্ষণই চলছে ডিভিডি প্লেয়ার। সেখানে তিনি জার্মানির ফুটবলারদের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করছেন। আজকের জার্মানি-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ডেভিড জেমসের মন্তব্য, ‘যদি ম্যাচটি টাইব্রেকারে গড়ায় তাহলে কী কী করা উচিত, তা নিয়ে আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। আমরা এখন ম্যাচটির জন্য মুখিয়ে আছি। জার্মানিকে মোকাবিলা করতে ইংল্যান্ড এখন প্রস্তুত।’কেবল ডেভিড জেমসই নয়, ইংল্যান্ড স্কোয়াডের ২৩ জন ফুটবলারই টাইব্রেকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন নিজের মতো করে। অধিনায়ক স্টিভেন জেরার্ড ও মিডফিল্ডার ব্যারেথ ব্যারি ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ১০টি স্পট কিকের নয়টিতেই গোল করেছেন। তাই আজকের খেলাটি যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে এই দুই কুশলী ফুটবলারের দিকে গোটা ইংল্যান্ডেরই দৃষ্টি থাকবে। এই দুজনও খুব ভালো করেই জানেন, আজকের ম্যাচে পেনাল্টির দায়িত্বের অনেকটাই তাদের পালন করতে হবে।একদিকে ইংল্যান্ড যখন টাইব্রেকার নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জার্মানি নাকি পেনাল্টি নিয়ে ভাবছেই না। যদিও সাবেক জার্মান-গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ড-জার্মানি ম্যাচটি নাকি টাইব্রেকারে গড়াবে। ‘কাইজার’ বেকেনবাওয়ারের ভবিষ্যদ্বাণী সত্ত্বেও জার্মানির পেনাল্টি নিয়ে না ভাবার কারণ কোচ জোয়াকিম লো। তিনি জানিয়ে দিয়েছেন, কোনো পেনাল্টি-ফেনাল্টি নয়, সরাসরিই জিততে চায় জার্মানি।ইংল্যান্ড-জার্মানি ম্যাচে অবশ্য ইংল্যান্ডের টাইব্রেকার ভাগ্য খুব একটা সুখকর নয়। ১৯৯০ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির সঙ্গে টাইব্রেকার মিস করা স্টুয়ার্ট পিয়ার্স বর্তমান ইংল্যান্ড বিশ্বকাপ দলের সহকারী কোচ। তিনি খুব ভালো করেই বোঝেন, বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে টাইব্রেকার মিস করার জ্বালা। পিয়ার্স নব্বইয়ে তুরিনে অনুষ্ঠিত সেই ম্যাচে জার্মানির বিপক্ষে টাইব্রেকার মিস করেছিলেন। পিয়ার্স তাই আজকের ম্যাচে যেন ইংল্যান্ডকে সেই ধরনের কোনো ভাগ্যবরণ করতে না হয়, তা নিয়ে যথেষ্ট সতর্ক। তিনি বলেছেন, ‘আপনি যদি টাইব্রেকার মিস করেন, আর সে কারণে যদি আপনার দল হেরে যায়, সেটা যে কী কষ্টের, তা বুঝিয়ে বলা যাবে না। সেই কষ্ট আপনাকে তাড়া করে বেড়াবে, যত দিন আপনি বেঁচে থাকবেন।’১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের ৪৪ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়া ইংল্যান্ড দলের জন্য আজকের ‘ডু অর ডাই’ ম্যাচ নিয়ে কোচ ফ্যাবিও ক্যাপেলো অবশ্য নির্ভারই। তিনি বলেছেন, ‘ভালো খেললেই দল জিতবে। এ নিয়ে বেশি ভেবে লাভ নেই। ক্যাপেলো আজকের ম্যাচ নিয়ে খেলোয়াড়দের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার যোষণা করেছেন। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটি হলো স্ত্রী-বান্ধবীদের সংস্পর্শ থেকে দূরে থাকা ইংলিশ খেলোয়াড়েরা আজকের ম্যাচটি জিতলে রাতটি কাটাতে পারবেন তাঁদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে। পুরস্কারটি লোভনীয়, সন্দেহ নেই। তবে ইংলিশ ফুটবলাররা নিশ্চয়ই কেবল এই পুরস্কারের জন্যই জিততে চাইবেন না। জার্মান জাতির বিপক্ষে ইংরেজদের জাত্যাভিমানটাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটাই যে বেশি দরকার ইংল্যান্ডের।