এবার আর কাঁদতে চান না পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ বিশ্বকাপের শেষ চারে ওঠা হয়নি ব্রাজিলের। হল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায়ঘণ্টা বাজে কোয়ার্টার ফাইনালে। তবে পেলের বিশ্বাস, এবারের বিশ্বকাপ জিতবে পাঁচবারের বিশ্বচাম্পিয়নরা।

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী ক্যামেরুন, মেক্সিকো ও ক্রোয়েশিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলীয়দের দ্বিতীয় রাউন্ডে না যাওয়াটাই হবে বিস্ময়কর। তবে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারুক বা না পারুক, দ্বিতীয় রাউন্ডেই আসল ধাক্কাটা সামলাতে হবে নেইমারদের। ‘বি’ গ্রুপ থেকে স্পেন ও হল্যান্ড গ্রুপ পর্বের বাধা অতিক্রম করলে এই দুই দলের একটির সঙ্গে লড়তে হবে ব্রাজিলকে। এর মানে, দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন!

তবে ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে বিদায় নেবে—এত বড় অঘটনের আশঙ্কায় কাঁপছে না পেলের বুক। ৭৩ বছর বয়সী পেলে বলেছেন, ‘আমরা ফাইনালে খেলব। আশা করি, শিরোপাও জিতব।’

গত রাতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে কথা বলার সময় শৈশবের তিক্ত স্মৃতিটাও তুলে আনেন পেলে। ১৯৫০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের কাছে হেরে গিয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে ড্র করতে পারলেও শিরোপা জিতত ব্রাজিল। সেটি হতো তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা।

শুরুতে এগিয়েও গিয়েছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বসে ব্রাজিল। পেলের বয়স তখন মাত্র ১০ বছর। ওই ঘটনা ছোট্ট পেলের হূদয়েও ঘটিয়েছিল বেদনার রক্তক্ষরণ। দেখেছেন, শিরোপা হাতছাড়া হওয়ার বেদনায় বাবা কাঁদছেন। বড় হয়ে ব্রাজিলকে তিন-তিনবার শিরোপা বিশ্বকাপ এনে দিয়েছেন পেলে।

কিন্তু ১৯৫০ সালের ১৬ জুলাইয়ের মারাকানার যন্ত্রণাটা এখনো ভুলতে পারেননি ব্রাজিল কিংবদন্তি, ‘আমার সব সময় একটা দৃশ্য মনে পড়ে, ১৯৫০ সালে উরুগুয়ের কাছে ব্রাজিল হেরে যাওয়ায় বাবা কাঁদছেন। আমি চাই না, আমার নাতি-নাতনিরাও একই দৃশ্য দেখুক!’ সূত্র: রয়টার্স।