এবার আরও কঠিন লড়াই!
লন্ডনজুড়ে ভয়াবহ দাঙ্গা চোখ রাঙাচ্ছিল। কিন্তু ফুটবল হার মানেনি। আজ ঠিকই শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। শুরু হচ্ছে নতুন আকর্ষণ নিয়ে—লিভারপুলের পুনর্জাগরণ, চেলসির শিরোপা পুনরুদ্ধার আর ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা ধরে রাখার মিশন।লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে আসছে সান্ডারল্যান্ড। মৌসুম সূচক ম্যাচের আগে লিভারপুল কোচ কেনি ডালগ্লিস ছড়িয়ে দিয়েছেন স্বপ্নরেণু। লুইস সুয়ারেজ তো আছেনই। ৪৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কেনা স্টুয়ার্ট ডাউনিং, চার্লি অ্যাডাম ও জর্ডার হেন্ডারসনও বড় ভরসা। লিভারপুলে নতুন যুগের সূচনা হবে বলেই বিশ্বাস ডালগ্লিসের, ‘আমরা এবার শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করব। আমার বিশ্বাস, দলে যেসব খেলোয়াড় আছে, ওরা এটা করতে পারবে।’নতুন যুগের ডঙ্কা বাজানো ম্যাচটি স্টিভেন জেরার্ডের জন্য হতাশার। লিভারপুল অধিনায়ক জেরার্ড খেলতে পারছেন না ইনজুরি কাটিয়ে এখনো ম্যাচ ফিট না হয়ে ওঠায়। এবারই লিভারপুলে নাম লেখানো হেন্ডারসনের জন্য এ ম্যাচ আবেগের। তাঁকে যে খেলতে হচ্ছে তাঁর সাবেক ক্লাব সান্ডারল্যান্ডের বিপক্ষে।প্রতিপক্ষের মাঠে খেলতে যাচ্ছে বড় চার দলের অন্যতম আর্সেনালও। আর্সেন ওয়েঙ্গারের দল প্রিমিয়ার লিগ শুরু করছে নিউক্যাসলের মাঠে। গত মৌসুমে শিরোপা লড়াই থেকে শেষ মুহূর্তে ছিটকে পড়েছে আর্সেনাল। সেই শোক ভুলে দলের সবাই নতুন আশায় বুক বেঁধে আছে। তবে প্রথম ম্যাচের আগে ফ্যাব্রিগাস আর সামির নাসরিকে নিয়ে দলে দেখা দিয়েছে সমস্যা। নিউক্যাসলের মাঠে এই দুজনকে ছাড়াই যাচ্ছে ‘গানার’রা।পুনর্জাগরণ আর নতুন আশা নিয়ে বড় চার দলের দুটি আজই শুরু করছে নতুন মৌসুম। বাকি দুই দল ম্যানইউ ও চেলসি মিশনে নামছে আগামীকাল থেকে। ম্যানইউর প্রতিপক্ষ ওয়েস্টব্রম আর চেলসির স্টোক সিটি। প্রতিপক্ষের মাঠে নামার আগে দুই দলে দুই রকমের অনুভূতি। চেলসি অধিনায়ক জন টেরি মনে করছেন, সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠিন লড়াই হবে এবার। আর ম্যানইউ অধিনায়ক নেমানিয়া ভিদিচ এবারও শুভসূচনাই দেখছেন তাঁর দলের।‘এবার অনেক ক্লাবই শক্ত দল গড়েছে। কমপক্ষে ছয়-সাতটি ক্লাব আছে যারা সত্যিকার অর্থেই শিরোপা লড়াইয়ে থাকবে’—বলেছেন ইংলিশ ডিফেন্ডার টেরি। তবে লিগ উন্মুক্ত হলেও চেলসির শিরোপা পুনরুদ্ধারের সামর্থ্য আছে বলেই বিশ্বাস তাঁর, ‘আমরা ম্যানইউকে ধরতে পারি।’ ভিদিচ অবশ্য এসব নিয়ে ভাবেন না, তাঁর চিন্তায় শুধুই সূচনালগ্ন, ‘আমি শুধু আশা করছি, শুরু থেকেই আমরা যেন সেরা ফর্মে থাকি।’ম্যানইউ হয়তো শুরু থেকে সেরা ফর্মে থাকবে, সেটা ম্যান সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেই দেখিয়েছে। তবে টেরির ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। ম্যানইউ, চেলসি, আর্সেনাল, লিভারপুল—কথিত ‘চার দৈত্যে’র সঙ্গে এবার শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটি আর টটেনহামও থাকতে পারে। দাঙ্গার কারণে টটেনহামের ম্যাচটি স্থগিত করেছে কর্তৃপক্ষ। ম্যান সিটি আগামী পরশু নিজেদের মাঠে সোয়ানসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে অভিযান। এএফপি, রয়টার্স।