এবার আরও দাপটে জেতার লক্ষ্য যুবাদের
দেড় মাস আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৪-৩ ম্যাচে সিরিজ জিতে এসেছে তাঁর দল। সেই ওয়েস্ট ইন্ডিজকেই দেশের মাটিতে পেয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক মেহেদী হাসানের আরও দাপটে সিরিজ জয়ের কথা ভাবাই স্বাভাবিক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ হবে সাত ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথমটি।
‘ওয়েস্ট ইন্ডিজে যে দলটির সঙ্গে খেলে এসেছি, সেই দলে দু-তিনটি পরিবর্তন হয়েছে। তবে প্র্যাকটিস ম্যাচে ওদের খেলা দেখে কিছুটা ধারণা পেয়েছি’—কাল টেলিফোনে বলছিলেন মেহেদী। নিজের দলের সঙ্গে প্রতিপক্ষের তুলনা করতে গিয়ে বাংলাদেশের যুব অধিনায়ক এগিয়ে রাখলেন নিজেদেরই, ‘ব্যাটিং-বোলিং দুটিতেই আমরা ভালো। বিশেষ করে ব্যাটিংয়ে। ব্যাটসম্যানরা ভালো রান করতে না পারলে তো বোলারদের কাজ কঠিন হয়ে যায়।’
বাবা শিবনারায়ণ চন্দরপলের কারণেই ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে বড় নাম ত্যাগনারায়ণ চন্দরপল। মেহেদীর চোখে যে কিনা তাঁর বাবার মতোই উইকেট আঁকড়ে থাকেন, ‘ত্যাগনারায়ণ ভালো খেলোয়াড়, কিন্তু অনেকটা ওর বাবার মতো। খুব স্লো ব্যাটিং করে। ঝুঁকি নেয় না, পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো শট খেলে না।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে কিছুদিন আগেও নিজের পরিচয়েই খুঁজে পাওয়া যেত ‘বড় নাম’। মুশফিক-সাকিব-তামিমরা ছিলেন, এরপর এনামুল-মুমিনুলদের নামগুলোও পরিচিত হয়ে উঠেছিল যুবদলে থাকতেই। কিন্তু বর্তমান অনূর্ধ্ব-১৯ দল থেকে শোনা যায় না সে রকম কোনো নাম। কারণটা ব্যাখ্যা করলেন অধিনায়ক মেহেদী, ‘আমিসহ আমাদের দলের বেশির ভাগ ক্রিকেটার অনূর্ধ্ব-১৭ থেকে উঠে আসা। মোসাদ্দেক, জসীম
আর ইয়াসির ছাড়া প্রিমিয়ার লিগে খেলা আর কেউ নেই দলে। সে জন্যই হয়তো অতটা পরিচিতি পাইনি আমরা। তবে আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে।’
আজ প্রথম ওয়ানডেটা অবরোধমুক্ত দিনে হলেও চট্টগ্রামে এ কদিন অবরোধেই কেটেছে দুই দলের। পুলিশ আর র্যাব বাড়তি নিরাপত্তা দিচ্ছে। চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ হওয়ার পর সিরিজের তৃতীয় ম্যাচটি হওয়ার সম্ভাবনা ছিল কক্সবাজারে। দেশের সার্বিক পরিস্থিতির কারণে এখন সেটি চট্টগ্রামেই হবে। ভেন্যু হতে পারে এমএ আজিজ স্টেডিয়াম।