এবার আসছেন পুতুল নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই পুতুল হাতে নেইমার
সেই পুতুল হাতে নেইমার

উচ্চতা মাত্র ১৬.৫ ইঞ্চি হলেও চিনতে না পারার কোনোই কারণ নেই। মাথায় সেই মোহিকান স্টাইলের খাড়া খাড়া চুল। মুখে লেগে আছে গোল করার পর সেই তৃপ্তির হাসি। গায়েও আছে ব্রাজিলের হলুদ-নীল জার্সি। হ্যাঁ, এটা ছোট্ট নেইমারই বটে! হাস্যোজ্জ্বল এই নেইমার ফুটবল মাঠে না, দাঁড়িয়ে থাকবেন পুতুলের দোকানে। পুতুল নির্মাতাপ্রতিষ্ঠান কসমোকিডের সঙ্গে চুক্তি করে নিজের এমন পুতুলই বাজারে ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা। এবারের বড়দিনে ফুটবল-পাগল অনেক শিশুর হাতেই হয়তো দেখা যাবে পুতুলরূপী নেইমারকে।

প্রথম দফায় বাজারে ছাড়া হয়েছে ১২ হাজার নেইমার পুতুল। প্রতিটির দাম পড়বে প্রায় সাড়ে ছয় হাজার টাকা। বার্সেলোনায় সম্ভাবনাময় এক ফুটবল ক্যারিয়ার শুরু করলেও নেইমার পুতুলরূপে আবির্ভূত হয়েছেন ব্রাজিলের জার্সি গায়েই। ব্রাজিলের নীল-সাদা জার্সিটাও আলাদাভাবে থাকবে প্রতিটি বাক্সের সঙ্গে।

২০১৪ সালের বিশ্বকাপের সময়ও এই নেইমার পুতুল বেশ ভালো বিক্রি হবে বলে আশা করছেন অনেকে। কারণ সে সময় নেইমারকে ঘিরেই নিজ দেশে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবে ব্রাজিলিয়ানরা। ইতিমধ্যেই ব্রাজিলকে কনফেডারেশনস কাপ জিতিয়ে সেই আশার বীজটা রোপণ করে দিয়েছেন নেইমার নিজেই। হয়তো ব্রাজিল বিশ্বকাপে নেইমারের পুতুল হাতেই ব্রাজিলের খেলাগুলো দেখতে আসবেন অনেকে।