এবার ইংলিশ লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গোল-ব্যবধানে ম্যানচেস্টার সিটির শিরোপা জয় এবারই প্রথম। এর আগে গোল-ব্যবধানে লিগের নিষ্পত্তি হয়েছে পাঁচবার। পুরো মৌসুমে ঘরের মাঠে অপরাজিত ম্যান সিটি— জিতেছে ১৮টি ম্যাচ, ড্র একটিতে। লিগে এই মৌসুমে গোল হয়েছে ১০৬৬টি, যা নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ২০১০-১১ মৌসুমে ১০৬৩ গোলের। এ নিয়ে ষষ্ঠবার লিগ শিরোপার নিষ্পত্তি হলো শেষ দিনে। আগের পাঁচবার হয়েছিল ২০০৯-১০, ২০০৭-০৮, ১৯৯৮-৯৯, ১৯৯৫-৯৬ এবং ১৯৯৪-৯৫ মৌসুমে। ছয়বারই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ দিনে পা রাখা দলই চ্যাম্পিয়ন। হ্যাটট্রিক হয়েছে রেকর্ড ১৯টি। এর আগেও ১৯৯৩-৯৪ মৌসুমে ১৯টি হ্যাটট্রিক দেখেছিল ইংলিশ লিগ। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জিতেছেন ৬০০তম ম্যাচ। তাঁর অধীনে টানা ১৫ বারের মতো নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্ট চেলসি লিগে ষষ্ঠ। তারা চ্যাম্পিয়নস লিগ জিতে গেলে এটাই হবে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের ঘরোয়া লিগে সবচেয়ে বাজে ফল। এর আগে ২০০০ সালে রিয়াল এবং ২০০৫ সালে লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জিতেও ঘরোয়া লিগে পঞ্চম হয়েছিল।