সময়ের হিসাবে প্রায় ১০ ঘণ্টা, ওভারের হিসাবে ১৩৯। একটা উইকেটের জন্য এতটা সময়ই অপেক্ষা করতে হয়েছে ইংলিশ বোলারদের! ওভালে যেখানে শেষ, হেডিংলিতে যেন সেখান থেকেই শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ওভালে আমলা-ক্যালিসের অবিচ্ছিন্ন জুটি করেছিল ৪০০ ছুঁই-ছুঁই রান। কাল সেঞ্চুরি জুটিতে শুরু স্মিথ-পিটারসেনের। টস জিতে ফিল্ডিং নেওয়া ইংল্যান্ড মাথা কুটে মরছিল উইকেটের জন্য। অবশেষে ব্রেসনানের বলে স্মিথের আউটে খুলল উইকেটের দরজা। টিকতে পারেননি আমলা-ক্যালিসও। তবে ওভালের তিন সেঞ্চুরিয়ান দ্রুত ফিরলেও এবার সেঞ্চুরি পেয়েছেন আলভিরো পিটারসেন।গ্রায়েম সোয়ানকে বাইরে রেখে নয় বছর পর বিশেষজ্ঞ স্পিনার ছাড়া মাঠে নেমেছে ইংল্যান্ড। কিন্তু চার পেসার নিয়েও সাফল্য পায়নি শুরুতে। স্মিথের সঙ্গে উদ্বোধনী জুটিতে পিটারসেন তুলেছেন ১২০। স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ব্রেসনান। ওভালের ট্রিপল সেঞ্চুরিয়ান হাশিম আমলা কাটা পড়েন রানআউটে। অ্যান্ডারসনের বলে কুকের দুর্দান্ত ক্যাচ ফেরায় ক্যালিসকে। চতুর্থ উইকেটে ডি ভিলিয়ার্সের সঙ্গে ৯৭ রানের জুটিতে সাময়িক বিপর্যয় সামলান পিটারসেন। দ্বিতীয় নতুন বলে ডি ভিলিয়ার্স ও স্টেইনকে ফিরিয়ে আবার ম্যাচে ফেরে ইংল্যান্ড। তবে প্রোটিয়াদের ভরসা ও ইংলিশদের পথের কাঁটা হয়ে অপরাজিত থেকেই দিন শেষ করেছেন পিটারসেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২৬২/৫ (পিটারসেন ১২৪*, স্মিথ ৫৬, আমলা ৯, ক্যালিস ১৯, ডি ভিলিয়ার্স ৪৭, স্টেইন ০, রুডলফ ১*; অ্যান্ডারসন ১/৪২, ব্রড ১/৫৫, ব্রেসনান ১/৬৮, ফিন ১/৭৮)।