এবার ইউরোপে ভ্যালেন্সিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনার ভ্যালেন্সিয়া
এনার ভ্যালেন্সিয়া

টাকার জন্য বাবার সঙ্গে শহরের বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করত ছেলেটা। আর এখন তার বাড়িতেই মোটা অংকের প্রস্তাব নিয়ে হাজির ফুটবল ক্লাবগুলো। এনার ভ্যালেন্সিয়ার জীবনকাহিনি যেন সিনেমার চিত্রনাট্য। বিশ্বকাপে নজরকাড়া ইকুয়েডরের ২৫ বছর বয়সী স্ট্রাইকার অবশ্য তাড়াহুড়ো করছেন না একদমই। আরও বড় মঞ্চে নিজেকে তুলে ধরতে পাড়ি জমাতে চান ইউরোপে।
ইকুয়েডরের এসমারেলদা প্রদেশের সান লরেঞ্জো শহরের এক গোয়ালার ছেলের বিশ্বকাপ দলে থাকাই নিশ্চিত ছিল না। গত বছর ইকুয়েডর স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনিতেজের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে আসে ইকুয়েডরে। সন্তাপ ছাড়িয়েও বড় প্রশ্ন দেখা দেয়, কে জায়গা নেবেন তাঁর? উইঙ্গার থেকে এনার ভ্যালেন্সিয়ার পুরোদস্তুর স্ট্রাইকার হয়ে ওঠার শুরু তখনই। গত নভেম্বরে হন্ডুরাসের সঙ্গে প্রথম আন্তর্জাতিক গোল পান। এ বছরেই পাড়ি জমান মেক্সিকোর ক্লাব পাচুকাতে। প্রথম মৌসুমে ১২ গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। আর দেশের হয়ে এবারের বিশ্বকাপে যা করেছেন, সেটা দূরতম কল্পনাতেও ছিল না। ৩ গোল করে সারা বিশ্বের নজর কেড়েছেন ভ্যালেন্সিয়া। এর মধ্যে ইংলিশ ক্লাব নিউক্যাসল, টটেনহাম, স্পেনের এসপানিওলের চোখ পড়েছে তাঁর ওপর। তবে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে চান ভ্যালেন্সিয়া। মেক্সিকোর একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘আমার মনে হয় ইউরোপে যাওয়ার এটাই সময়। এমনিতে আমার পছন্দ ইতালিয়ান ফুটবল। তবে যেখানেই যাই সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’ স্কাই স্পোর্টস।