এবার ইউরোপের মহামঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা এটা মেনে নিচ্ছি, রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ফেবারিট।’ ১৮ দিনের মধ্যে ‘এল ক্লাসিকো’র চার পর্বের তৃতীয় কিস্তি আজ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের মাঠ বার্নাব্যুর মহারণে নামার আগে বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা এগিয়ে রাখছেন প্রতিপক্ষকে।হয়তো এটাও একটা কৌশল। রিয়ালকে ফেবারিট বানিয়ে আরেকটু চাপে ফেলা। তবে অন্য একটা কারণ হতে পারেন রিয়ালের কোচ হোসে মরিনহো। মরিনহোর কোচিংয়ের হাতেখড়ি বার্সেলোনাতেই হলেও কোচ মরিনহো মানেই বার্সেলোনার জন্য আলাদা একটা জ্বালা। আর এই জ্বালাটা চ্যাম্পিয়নস লিগের সূত্র ধরেই। চেলসির কোচ থাকাকালে তিনবার বার্সেলোনার মুখোমুখি হয়েছেন মরিনহো। জিতেছেন তার দুবারই। গত মৌসুমে ঠিক এই সেমিফাইনালেই মরিনহোর ইন্টার মিলানের কাছে হেরে যায় গার্দিওলার বার্সেলোনা।সেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল, প্রতিপক্ষের ডাগআউটে সেই মরিনহো, বার্সেলোনার জন্য বাড়তি একটা অস্বস্তির কারণ অবশ্যই। আর দল বদলালেও কোচ মরিনহোর আঁচড় যে বার্সেলোনার জন্য আগের মতোই বিষাক্ত, তার প্রমাণ গত দুটি এল ক্লাসিকো।গত নভেম্বরে মরিনহোর রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। চার পর্বের এই ‘এল ক্লাসিকো’ সিরিজে তাই বার্সেলোনাকেই পরিষ্কার ফেবারিট ভাবা হচ্ছিল। কিন্তু ১০ জনের দল হয়ে গিয়েও প্রথমটিতে ড্র এবং পরেরটিতে (কিংস কাপের ফাইনালে) ১-০ গোলে জিতে মরিনহোর রিয়ালই এখন ফেবারিট! আজ আবার রিয়াল খেলবে নিজেদের মাঠে। তার চেয়েও বড় কথা, চোট থেকে ফেরা গঞ্জালো হিগুয়েইন ও কাকা দুজনই আছেন ফর্মে।গার্দিওলা যা-ই বলুন, জেরার্ড পিকের বিশ্বাস, বার্সেলোনাই স্পেনের ১ নম্বর দল। আর ইনিয়েস্তা তো ওয়েম্বলির স্বপ্ন দেখাই শুরু করে দিয়েছেন। আগামী ২৮ মে ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ‘আমি ওয়েম্বলিতে যাওয়ার স্বপ্ন দেখছি। তবে এখন আমাদের একমাত্র চিন্তা মাদ্রিদের প্রথম লেগ ম্যাচ উতরে যাওয়া’—বলেছেন ইনিয়েস্তা।ইনিয়েস্তার স্বপ্নটা মরিনহো দেখে থাকবেন আরও চকচকে চোখে। গত মৌসুমে দ্বিতীয় কোচ হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের কীর্তি গড়েছেন মরিনহো। এবার তাঁর সামনে ইতিহাসের প্রথম কোচ হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের অনন্য কীর্তির হাতছানি। ইউরোপের সফলতম ক্লাব রিয়াল স্বপ্ন দেখছে শিরোপার সংখ্যাটা দুই অঙ্কে নিয়ে যাওয়ার।সে তুলনায় বার্সেলোনা অনেকটাই পিছিয়ে। কাতালানরা চ্যাম্পিয়নস লিগ জিতেছে তিনবার। দুই দলের মুখোমুখি দ্বৈরথেও এগিয়ে রিয়াল। ১৯৬০ সালে প্রথম রাউন্ডে দুই লেগ মিলিয়ে বার্সেলোনা জিতলেও সেমিফাইনালে দুই দল আবার মুখোমুখি হওয়ার পর জেতে রিয়াল। ২০০২ সালের সেমিফাইনালে আবারও রিয়ালই জেতে।তবে ‘এল ক্লাসিকো’তে বর্তমানটাই আসল। রিয়ালের সঙ্গে শেষ দুটি ম্যাচ বাদ দিলে বার্সেলোনা গত কয়েক বছর স্বপ্নের ফুটবল খেলছে। তবে মরিনহোর ক্ষুরধার মস্তিষ্ক যে সেই ফুটবলে ছন্দপতন ঘটাতে পারে, সেটি তো প্রমাণিতই।ওহো, ওই দুজনের কথা তো বলাই হয়নি। সর্বশেষ এল ক্লাসিকোতে রিয়ালকে জিতিয়েছেন রোনালদো। মেসি কি আজ জবাব দিতে চাইবেন না? যথারীতি এই দ্বৈরথের দিকে তাকিয়ে আছে ফুটবলবিশ্ব। এএফপি, রয়টার্স।সর্বশেষ: আজকের সেমিতে খেলছেন না আন্দ্রেস ইনিয়েস্তা। চোটের কারণে ইনিয়েস্তার ছিটকে পড়া ‘শতভাগ নিশ্চিত’ বলেছেন বার্সার কোচ গার্দিওলা।