এবার ইমরানকে শেঠির তোপ
দুজনের সম্পর্কটা এত খারাপ যে, কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না।
ইমরান খানের সমালোচনার জবাব দিতে তাই দেরি করেননি নাজাম শেঠি। গত বছর পাকিস্তানের নির্বাচনে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে থেকে ভোট কারচুপির পুরস্কার হিসেবে নওয়াজ শরিফ সরকার শেঠিকে আবারও পিসিবি চেয়ারম্যান পদে বসিয়েছিল বলে অভিযোগ করে আসছিলেন ইমরান। কদিন আগে সেই একই অভিযোগ আবারও তোলেন সাবেক পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
সেটিরই জবাবে ইমরানকে পাল্টা তোপ দাগলেন সাবেক পিসিবি চেয়ারম্যান, ‘আমি জানি না ইদানীং ইমরানের কী হয়েছে। আজগুবি সব কথাবার্তা বলছে যে, যার কোনো মানেই হয় না। আমি জানি না সে কী চায়।’ পিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়াটা তার জন্য পুরস্কার নয়, বরং ‘শাস্তি’ ছিল বলেও মন্তব্য করেছেন শেঠি।
এর আগে একবার পাকিস্তানে তরুণ খেলোয়াড় নেই বলায় শেঠির ওপর চটেছিলেন ইমরান। ইমরানের যুক্তি ছিল, নিজের ব্যর্থতা ঢাকতেই শেঠি এমন কথা বলেছেন। অনৈতিক ও গঠনতন্ত্রবিরোধী নিয়মে শেঠি পিসিবি চালিয়েছেন বলেও অভিযোগ করেছিলেন ক্রিকেট ছেড়ে রাজনীতিবিদ হওয়া ইমরান। সেই অভিযোগ অবশ্য পাত্তা দিচ্ছেন না শেঠি, ‘আমি শুধু চেয়েছি পিসিবিকে নতুন সংবিধান আর নির্বাচনের মাধ্যমে নতুন চেয়ারম্যান দিতে। কোর্টের নিষেধাজ্ঞার কারণে আমাকে ১০ মাসের মতো আটকে থাকতে হয়েছে।’ পিটিআই।