এবার উইলমটসের দুই 'সুপার সাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ গোল করে দলকে এগিয়ে দিয়েছেন৷ বেলজিয়ােমর দ্রিস মের্তেনস তো এমন উদ্‌যাপন করবেনই! l এএফপি
দারুণ গোল করে দলকে এগিয়ে দিয়েছেন৷ বেলজিয়ােমর দ্রিস মের্তেনস তো এমন উদ্‌যাপন করবেনই! l এএফপি

কালো ঘোড়ার দৌড় শুরু হয়েছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। তীব্র গতিতে ছুটছিল ‘মরু শিয়ালরা’। সোফিয়ান ফেগুলির পেনাল্টি গোলে প্রথমার্ধে এগিয়ে আলজেরিয়া, হারের আতঙ্ক পেয়ে বসেছিল বেলজিয়ামের ফুটবলারদের। মাঝ বিরতিতে ড্রেসিংরুমে শিষ্যদের ভগ্ন মনোবল দেখে প্রমাদ গুনলেন মার্ক উইলমটস। হারের আগেই যেন হেরে বসে আছে দল! উজ্জীবনী এক বক্তব্য দিলেন বেলজিয়াম কোচ। ছকও খানিকটা বদলে দ্বিতীয়ার্ধে মাঠে নামালেন মারুয়ান ফেলাইনি ও দ্রিস মের্তেনসকে। দুই সুপার সাবের গোলেই এক যুগ পর বিশ্বকাপে ফেরা বেলজিয়াম উদ্যাপন করল জয় দিয়েই।
উইলমটসের আগে ওটমার হিজফেল্ডকেও উদ্ধার করেছিল দুই সুপার সাব। ইকুয়েডরের বিপক্ষে পিছিয়ে থাকা সুইজারল্যান্ড জিতেছিল দুই বদলির গোলে। পরশু দ্বিতীয়ার্ধের শুরুতেই নাসের চাদলিকে তুলে উইলমটস মাঠে নামান মের্তেনসকে। ৬৫ মিনিটে মুসা ডেম্বেলেকে বদলে ফেলাইনি। পাঁচ মিনিটের মধ্যেই সমতায় বেলজিয়াম। ফেলানির দুর্দান্ত হেড আলজেরিয়ার জালে। ১০ মিনিট পর দৃশ্যপটে আরেক সুপার সাব। এডেন হ্যাজার্ডের পাস থেকে গোল করেন মের্তেনস। ম্যাচ শেষে উইলমটস স্বীকার করেছেন, দুশ্চিন্তার মেঘ জমেছিল ড্রেসিংরুমে, ‘ছেলেরা ভীষণ চাপে পড়ে গিয়েছিল, সবাই টেনশনে ছিল। আমি ছেলেদের বললাম, ধৈর্য ধরে চেষ্টা করে যেতে। আলজেরিয়ানরা ক্লান্ত হলে সেই সুযোগটা কাজে লাগাতে। এটাও বলেছিলাম যে বদলি দুই-তিনজনকে নামালেই খেলার ধার বেড়ে যাবে। সেটাই হয়েছে, বদলিরাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।’
এই দলটিকে বলা হচ্ছে বেলজিয়ামের সোনালি প্রজন্ম। কিন্তু প্রথম ৫০-৬০ মিনিটের পারফরম্যান্সে সেটার প্রমাণ ছিল সামান্যই। দলের বড় দুই তারকা হ্যাজার্ড ও লুকাকু বিশ্বকাপ অভিষেকে ছিলেন নিষ্প্রভ। দল ভালো খেলেনি স্বীকার করছেন উইলমটসও। তবে শেষ পর্যন্ত তিনটি পয়েন্ট এনে দেওয়ায় কোচের প্রশংসাও পেয়েছেন শিষ্যরা, ‘ম্যাচটি খুব কঠিন ছিল সন্দেহ নেই। খুব বড় কোনো ভুল করিনি আমরা। কিন্তু বিশ্বকাপে সামান্য ভুলেই অনেক বড় খেসারত দিতে হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে এই তরুণ দল দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে। আশা করি, সামনের ম্যাচে আমরা আরও গুছিয়ে উঠব।’
২২ জুন, বেলজিয়ামের পরের ম্যাচ রাশিয়ার বিপক্ষে। ওয়েবসাইট।