এবারের কোপা আমেরিকাকে যেন পেয়ে বসেছে গোল-খরা আর ড্রয়ের ভূত। ব্রাজিল-আর্জেন্টিনার সৌজন্যে কোপার পূর্ববর্তী আসরগুলোয় শুরু থেকেই দেখা যেত গোলের বন্যা। এবার ঠিক তার উল্টো ছবি। কাল পর্যন্ত কোপায় হয়েছে ছয়টি ম্যাচ। গোল হয়েছে মোটে আটটি! চারটি ম্যাচই হয়েছে ড্র। এই চার ম্যাচে আবার ছোট দলগুলোর কাছে হোঁচট খেয়েছে কোপার চার বড় দল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে আর প্যারাগুয়ে!কোপার এই কোপটি পড়ল উরুগুয়ের গর্দানেও। পুঁচকে পেরুর সঙ্গে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে অবশ্য চিলি ২-১ গোলে জিতেছে মেক্সিকোর সঙ্গে। শক্তির ব্যবধানে মেক্সিকোরই এগিয়ে থাকার কথা ছিল। যদিও এবার কোপায় মেক্সিকো পাঠিয়েছে তরুণদের একটি দল।গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ে ২৩ মিনিটেই গোল খেয়ে বসেছিল। হোসে পাওলো গুয়েরেরোর সৌজন্যে অপ্রত্যাশিতভাবে এগিয়ে গিয়েছিল ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দল হওয়া পেরু। মিডফিল্ডার মাইকেল গুয়েভারা দুর্দান্ত এক পাস ঠেলে দিয়েছিলেন উরুগুয়ের রক্ষণের হূৎপিণ্ড চিড়ে। দুই সেন্টার ব্যাক আক্ষরিক অর্থেই মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে গিয়েছিল, অপেক্ষা করছিল অফসাইড ফ্ল্যাগের। কিন্তু লাইন্সম্যানের পতাকা নিচেই নামানো থাকল, আর সেই সুযোগটা মুঠোয় পুরে নিয়েছিলেন স্ট্রাইকার গুয়েরেরো। শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটা শোধ করে দেন গত মৌসুমে লিভারপুলে যোগ দেওয়া লুইস সুয়ারেজ। অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি উরুগুয়ে। শেষ পর্যন্ত ব্রাজিল-আর্জেন্টিনার মতো হতাশা নিয়েই ছেড়েছে তারা।দিনের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোই কিন্তু প্রথমে এগিয়ে গিয়েছিল ৪০ মিনিটে করা নেস্তর আরাউজোর গোলে। কিন্তু ৬৬ আর ৭২—৬ মিনিটের মধ্যে দুটো গোল করেন চিলির এস্তেবান পারেদেস আর আরতুরো ভিদাল।এই পরাজয় মেনে নিচ্ছেন মেক্সিকোর সহকারী কোচ লুইস ফার্নান্দো টেনা, ‘ওদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। দলটা অনেক ভালো, শক্তিশালী। তারা একে অন্যকে ভালো করেই জানে। তারা কোপা আমেরিকায় অনেক দূর যেতে পারবে। এটাই এই ম্যাচের সঠিক ফলাফল। ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে।’ শুধু এখানেই থামেননি, টেনা এই রায়ও দিয়ে দিলেন, ‘এখন পর্যন্ত এই টুর্নামেন্টে দেখা সেরা দল ওরাই।’ অন্যদিকে উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের কণ্ঠে ঝরেছে হতাশা, ‘আমরা যা চেয়েছিলাম, সেটি পাইনি। কিন্তু এটাই ফুটবল।’ এএফপি, রয়টার্স।