এবার উড়ে যেতে দেখলেন বন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন বন্ড: এবার দলের সঙ্গে থেকেই পরাজয়ের সাক্ষী
শেন বন্ড: এবার দলের সঙ্গে থেকেই পরাজয়ের সাক্ষী

প্রথমবার যখন ওয়ানডে খেললেন বাংলাদেশের বিপক্ষে, নিউজিল্যান্ডের ২৪৪ রান তাড়া করে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ৭৭ রানে। বাংলাদেশের বিপক্ষে যখন মাঠে নামলেন শেষবার, বাংলাদেশের ১৭৪ রান নিউজিল্যান্ড পেরিয়ে গিয়েছিল ১ উইকেট হারিয়ে, ২০ ওভারের বেশি বাকি থাকতে। দুটি টেস্ট খেলেছেন বাংলাদেশের সঙ্গে, দুটিতেই ইনিংস ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ৩ ওয়ানডেতে নিয়েছেন ৯ উইকেট, গড়টা হাস্যকর রকমের ভালো—৭.৬৬! ২ টেস্টে নিয়েছেন ১১ উইকেট, গড় ১৩.৬৩।
তাঁর সময়ে নিউজিল্যান্ড হেসেখেলে হারাত বাংলাদেশকে। গতির ঝড়ে তিনি উড়িয়ে দিতেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। কাল টিম হোটেলের লবিতে বসে সেই শেন বন্ড কেমন একটা শূন্য দৃষ্টি নিয়ে বললেন, ‘বাংলাদেশ স্রেফ আমাদের উড়িয়ে দিয়েছে!’
২০১০ সিরিজটা বড় এক বিস্ময় হয়ে এসেছিল তাঁর কাছে। চোটের কাছে হার মেনে মাত্রই কদিন আগে বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। নিজের ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব-নিকাশ যখন মেলাতে পারছেন না, তখনই হাজির নতুন এক ধাঁধা। বাংলাদেশের কাছে কী করে ধবলধোলাই হলো নিউজিল্যান্ড!
এখন তিনি আবার নিউজিল্যান্ডের ড্রেসিংরুমে, এসেছেন দলের বোলিং কোচ হয়ে। চোখের সামনেই দেখলেন বাংলাদেশের কাছে হেরেই চলেছে তাঁর দল। এবার আর বিস্ময় নেই, বরং সরল স্বীকারোক্তি, ‘সত্যি বলতে, আমরা পাত্তাই পাইনি। ছাড়া ছাড়াভাবে ভালো ক্রিকেট খেলেছি বটে, কিন্তু লম্বা সময় সেটা ধরে রাখতে পারিনি। বাংলাদেশকে মাঝেমধ্যে চাপে ফেলতে পেরেছি, কিন্তু দারুণ খেলে ওরা সেই চাপ থেকে বের হয়ে এসেছে। যোগ্য দল হিসেবেই ওরা ২-০-তে এগিয়ে।’
এভাবে উড়িয়ে দিতে লাগে জোর হাওয়া। বন্ডের মতে, নিজেদের ব্যর্থতা আর প্রতিপক্ষের সাফল্য একসঙ্গে হয়েছে বলেই বয়েছে অমন দমকা বাতাস, ‘আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে ২৩০-এর নিচে আটকে রাখা, কিন্তু দুবারই ওরা এর বেশি করে ফেলেছে। ব্যাটিংয়েও আমরা প্রত্যাশিত শুরুটা পাইনি। দুই ম্যাচেই বাংলাদেশ শুরুতে দারুণ বোলিং করেছে। পরেও বড় কোনো জুটি গড়ে তুলতে পারিনি।’
সিরিজ শুরুর আগে কিউই ব্যাটসম্যানদের জন্য বড় হুমকি মানা হচ্ছিল বাংলাদেশের স্পিনারদের। অথচ প্রথম ম্যাচের নায়ক পেসার রুবেল হোসেন। পরের ম্যাচেও অন্যতম নায়ক মাশরাফি বিন মুর্তজা। পেসারদের পারফরম্যান্স বড় চমক হয়ে এসেছে বাংলাদেশ দলেও। তবে বন্ডের দাবি, তিনি খুব একটা বিস্মিত নন, ‘অবাক হইনি, কারণ আমি জানি মাশরাফি কোন মানের বোলার। ওকে অনেক দিন পর দেখলাম। শুনেছি অনেক ইনজুরির ধকল সইতে হয়েছে, কিন্তু মাঠে দারুণ ফিট মনে হলো। রুবেল প্রথম ম্যাচে দেখিয়েছে এই উইকেটে আসলে কীভাবে বোলিং করতে হয়। সেদিন ও ছিল অপ্রতিরোধ্য। স্পিনাররাও ভালো করেছে বরাবরের মতো। আমরাও কিন্তু বোলিং খারাপ করিনি, কিন্তু বোলিং ইউনিট হিসেবে ওরা আমাদের চেয়ে ভালো করেছে।’
বাংলাদেশের কন্ডিশনে দলে মাত্র এক স্পিনার রাখা নিয়ে পরশু ম্যাচ শেষে অদ্ভুত এক যুক্তি দেখিয়েছিলেন কাইল মিলস। ১৫ মাস পরের বিশ্বকাপকে সামনে রেখেই নাকি এটা করা হয়েছে! টানা হেরে হকচকিয়ে গিয়েই যে মিলস অমন কথা বলেছিলেন, সেটা স্পষ্ট হলো বন্ডের কাছে সত্যিকার কারণটা জেনে, ‘কন্ডিশন শুধু স্পিনবান্ধব হলেই তো হলো না, সেটাকে কাজে লাগাতে জানতে তো হবে! এ জন্যই আমরা আমাদের শক্তির জায়গা নিয়েই খেলতে চেয়েছি। প্রথম দুই ম্যাচে কিন্তু আমাদের পেসাররাই ভালো করেছে!’
পুরো কথোপকথনেই সত্যটাকে স্বীকার করে বাস্তবতার মুখোমুখি হয়েছেন বন্ড। সম্ভাব্য ধবলধোলাই প্রশ্নেও লুকোছাপার পথে হাঁটলেন না, ‘আমরা এটা নিয়ে কথা বলেছি। হারতে থাকলে কখনো কখনো হারের ভয়টা মনে ঢুকে পড়ে। জয়ের পথ মনে থাকে না। কিন্তু মাঠে তো নামতে হবে জয়ের জন্যই! আমরা বলেছি, খোলসে না ঢুকে ইতিবাচক খেলব। দলে প্রতিভার অভাব নেই, সামর্থ্যও আছে। শুধু একসঙ্গে নির্দিষ্ট দিনে জ্বলে ওঠার অপেক্ষা।’
বন্ডের অপেক্ষা দীর্ঘায়িত হোক না! অন্তত আরেকটি ম্যাচের জন্য।