এবার একটা জয়ের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে কথাটা অন্যদের বলার কথা, সেটা সাকিব আল হাসানই বলে দিলেন।কেমন হলো নিউজিল্যান্ড সফর—পরশু মধ্যরাতে বিমান থেকে নামা বাংলাদেশ অধিনায়ক সাকিব কাল দুপুরে টেলিফোনে এ প্রশ্নের উত্তর দিলেন নিজ শহর মাগুরা থেকে। এবং সে উত্তর শুধু সাকিবের নয়, ‘কেমন হলো নিউজিল্যান্ড সফর’ প্রশ্নে হয়তো বাংলাদেশের ক্রিকেট-ভাবুক প্রতিটা মানুষেরই। উত্তরটা হলো, ‘ভালো, তবে আরও ভালো হতে পারত। (হাসি) এখন তো প্রতিটা সিরিজ শেষে এই একই উত্তরই দিচ্ছি। একই আফসোস থেকে যাচ্ছে বারবার...।’তবু আফসোসে মন খারাপ করে বসে থাকার উপায় নেই সাকিবদের। ইংল্যান্ডের বিপক্ষে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু সিরিজটার জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। আর কাল রাতে ঢাকায় পৌঁছা ইংল্যান্ড দলের তো বাংলাদেশের হাওয়া-বাতাসের সঙ্গে মানিয়ে নিতে মাঠে নেমে পড়ার কথা আজই।কিন্তু অ্যালিস্টার কুকের এই দলটা কি জানে, বাংলাদেশে কত বড় এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য? আনুষ্ঠানিকভাবে হয়তো কথাটা অনুশীলন শুরু হলেই বলবেন, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের আপাত লক্ষ্যটা কালই জানিয়ে দিলেন সাকিব, ‘ইংল্যান্ডকে অন্তত একটা ওয়ানডেতে হারানোর টার্গেট এবার। এই টার্গেট অনেক দিন আগেই করে রেখেছি। একমাত্র ওদের বিপক্ষেই এখনো কোনো ওয়ানডে জেতা হয়নি আমাদের। এবার তাই বড় টার্গেট নিয়েছি।’লক্ষ্য অর্জনে ইংল্যান্ডের বিপক্ষে কী হবে বাংলাদেশের রণপরিকল্পনা, সেটা অনুশীলন শুরু হলে ঠিক হবে বলে জানিয়েছেন সাকিব। তার আগে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাস্তবায়নের অপেক্ষায় আছে আরও কিছু পরিকল্পনা। সেসব পরিকল্পনা অবশ্য সাকিবের নয়। কোনোটা কোচ জেমি সিডন্সের, কোনোটা বা তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে।পরশু রাতে দলের সঙ্গে ঢাকা ফেরেননি কোচ জেমি সিডন্স। অসুস্থ সঙ্গিনীকে দেখতে ছুটে গেছেন অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে আসবেন ২৫ ফেব্রুয়ারি। ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়ে যাওয়ার কথা এর আগেই। সে দলে মোহাম্মদ আশরাফুল থাকবেন কি না, আশরাফুলের ফর্মই সেই সংশয়টা জাগিয়েছে নিউজিল্যান্ড থেকেই। হ্যামিল্টন টেস্টের পর স্বয়ং সিডন্স বলেছেন, ‘দেশে ফিরে আশরাফুলকে আমরা পুনর্মূল্যায়ন করব।’ তবে নির্বাচক কমিটি কোচের বক্তব্য প্রসঙ্গে সরাসরি কিছু বলতে না চাইলেও দলে বড় কোনো পরিবর্তনের পক্ষে নয়। জুনায়েদ ইমরোজ ছাড়া নিউজিল্যান্ড সফরের বাকি ১৪ জনকে নিয়েই হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল। তা ছাড়া নিউজিল্যান্ড ফেরত দলের সূত্রে আশরাফুলের ব্যাপারে সিডন্সের অন্য রকম মনোভাবের কথাই জানা গেছে। হ্যামিল্টন টেস্ট শেষে মানসিকভাবে ভেঙে পড়া আশরাফুল নাকি হতাশায় খেলা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। কোচ সিডন্স তখন পাশে দাঁড়িয়েছেন তাঁর, আশরাফুলকে বলেছেন, ‘অনেক দিন তো তুমি তোমার মতো খেলার চেষ্টা করলে, এবার আমাকে একটা শেষ চেষ্টা করার সুযোগ দাও। দলের সবার সমর্থন তোমার সঙ্গে আছে।’ সিডন্স কি ‘শেষ চেষ্টা’ বলতে ইংল্যান্ড সিরিজটাকেই বুঝিয়েছেন?দেশে এসে নিজেকে ফিরে পেতে মরিয়া আশরাফুল। নিউজিল্যান্ড ফেরত বেশির ভাগ ক্রিকেটারই যেখানে বিশ্রামে, সেখানে জাতীয় লিগে আজ থেকে ঢাকার হয়ে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ খেলতে কালই খুলনা চলে গেছেন তিনি। তার পরও কোচের ফেরার আগে যেমন আশরাফুল-সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়া যাচ্ছে না, তেমনি জানা যাচ্ছে না পছন্দমতো টিম ম্যানেজমেন্ট সিডন্স পাচ্ছেন কি না, সেটাও। বিসিবি সূত্রের খবর, পছন্দসই টিম ম্যানেজমেন্টের দাবিতে বোর্ডের ওপর সিডন্সের চাপটা এখন আরও জোরালো। বিসিবির সঙ্গে কোচিং স্টাফের দুই শ্রীলঙ্কান সদস্য চম্পকা রামানায়েকে আর রুয়ান কালপাগের চুক্তি আগামী ৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে বলেই হয়তো বিষয়টা নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলতে চান সিডন্স। যতদূর জানা গেছে, পেস বোলারদের সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের কারণে চম্পকার চুক্তির মেয়াদ বাড়ার ভালো সম্ভাবনা আছে। তবে বাংলাদেশের ক্রিকেটে কালপাগের ভবিষ্যত্ আপাতত অস্পষ্ট। আর বাংলাদেশের ফিল্ডিং হিসেবে নাকি ক্যারিয়ার এগিয়ে নিতে চান না কালপাগেও। সিডন্স চাচ্ছেন এই শ্রীলঙ্কানের জায়গায় চুক্তি হারানো সাবেক ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ফিরিয়ে আনতে। সূত্র জানিয়েছে, এর আগে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় ব্যাপারটা গুরুত্ব সহকারেই তুলে ধরেছিলেন কোচ। অধিনায়ক সাকিব আল হাসানও নাকি সভাপতিকে অনুরোধ করে বলেছেন, কোচিং স্টাফে সালাউদ্দিনের মতো অভিজ্ঞ কেউ থাকলে দলের জন্য ভালো।ইংল্যান্ড সিরিজ শুরুর আগে খুঁজতে হবে অনেক প্রশ্নের উত্তরই। সে রকমই এক প্রশ্ন সামনে নিয়ে আসছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে জিততে চাওয়া অধিনায়ক সাকিবও, ‘প্রতিটা ম্যাচে বা ইনিংসে আমরা একজন একজন করে ভালো খেলি। ভালো খেলা দরকার কয়েকজনের। এই সমস্যা কাটিয়ে উঠতে পারলেই আমরা অনেক ভালো দল হয়ে যাব...।’ইংল্যান্ড সিরিজেই কি দেখা যাবে সেই ‘ভালো দল’টাকে?