এবার এগিয়ে যাওয়ার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়া নেই, ক্যামেরুন নেই, নেই গত তিনবারের চ্যাম্পিয়ন মিসর। মনে হচ্ছিল ম্যাড়মেড়ে ফুটবলই উপহার দিতে যাচ্ছে আফ্রিকান কাপ অব নেশনস। উল্টো গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা উপহার দিল ইকুয়েটরিয়াল গিনি ও গ্যাবনের যৌথ আয়োজন। অঘটন, নাটকীয়ভাবে শেষ মুহূর্তের গোলে ম্যাচের ভাগ্যবদল—আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরটিকে রঙিন করেছে বেশ ভালোভাবেই। প্রথম পর্ব শেষ হয়ে গেছে। আজ হতে শুরু হচ্ছে নকআউট পর্ব। হারলেই বাদ এই পরিস্থিতিতে সব দলই চাইবে ঝুঁকি নিতে, আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজাতে। তাই ভালো ফুটবলের প্রত্যাশাটা এখন আকাশচুম্বী।আজ দ্রগবা, কালু ও তোরেদের আইভরিকোস্টকে হারাতেই মাঠে নামছে টুর্নামেন্টের বিস্ময় ইকুয়েটরিয়াল গিনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ‘হাতিদের’ চেয়ে ১৩৩ ধাপ পিছিয়ে সহ-স্বাগতিকেরা। তবে দলটি যে কোয়ার্টার ফাইনালে খেলবে, কে ভেবেছিল! এই দলটাই একঝাঁক অখ্যাত বিদেশজাত ফুটবলার নিয়ে হারিয়েছে অন্যতম ফেবারিট সেনেগালকে। তবে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অসাধ্যই সাধন করতে হবে তাদের। স্বাগতিকদের ব্রাজিলিয়ান কোচ গিলসন পাওলো অবশ্য নিজেদের আন্ডারডগ ভাবছেন না, ‘গণমাধ্যমই আমাদের আন্ডারডগ হিসেবে দেখছে, তবে আমাদের লক্ষ্য যত দূর সম্ভব এগিয়ে যাওয়া।’তবে কোচের মতো এতটা আশাবাদী হতে পারছেন না লিবিয়ার বিপক্ষে জয়ের নায়ক হাভিয়ের বালবোয়া। এই মিডফিল্ডারের সরল স্বীকোরোক্তি, ‘আশা করেছিলাম এই পর্বে নয়, আইভরিকোস্টের সঙ্গে ফাইনালেই দেখা হবে। তার মানে এই নয়, আমরা তাদের হারাতে পারব না। তবে অনেক তারকা নিয়ে ওরা সত্যিই ভয়ংকর।’রাজধানী বাটায় প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে সুদান ও জাম্বিয়া। আজ জয় পেলে ১৬ বছর পর সেমিফাইনাল খেলবে জাম্বিয়া। ইতিহাসই হতে পারে জাম্বিয়ানদের অনুপ্রেরণা। চার বছর আগে সর্বশেষ লড়াইয়ে সুদানকে তারা হারিয়েছিল ৩-০ গোলে।জাম্বিয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা অবশ্য এটা নয়। ১৯৯৩ সালে গ্যাবনের সমুদ্রসীমায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারান জাতীয় দলের সব খেলোয়াড়। এবার ফাইনাল হবে গ্যাবনেই। সেই দুর্ঘটনায় নিহতদের স্মরণেই এবার চ্যাম্পিয়ন হতে চায় জাম্বিয়া। এএফপি, রয়টার্স।