এবার এল ক্লাসিকোয় চোখ মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও সেই চিরচেনা ভঙ্গিতে দেখা যাচ্ছে মেসিকে। ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিক করে স্বরুপে ফেরারই ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন তারকা। ছবি: রয়টার্স
আবারও সেই চিরচেনা ভঙ্গিতে দেখা যাচ্ছে মেসিকে। ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিক করে স্বরুপে ফেরারই ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন তারকা। ছবি: রয়টার্স

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন ঠিকই। কিন্তু গত দুটি মাস মেসি যেন ছিলেন নিজের ছায়া হয়েই। ছন্দ ফিরে পেতে কিছুটা সময়ই লাগল আর্জেন্টাইন এই তারকার। তবে নিজের সেরা ফর্মটা শেষ পর্যন্ত খুঁজে পেলেন দারুণ একটা সময়ে। আগামী সপ্তাহেই যে বার্সেলোনাকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তার আগে ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিক করে প্রতিপক্ষকে যেন সতর্কই করে দিলেন মেসি। চোটের ধাক্কা কাটিয়ে ওঠার পর মেসির দৃষ্টিও এখন লা লিগার দ্বিতীয় এল ক্লাসিকোর দিকেই।

এবারের মৌসুমের শুরুটা ভালোভাবে করলেও মাঝখানে যেন পথ হারিয়ে বসেছিল বার্সেলোনা। কয়েকটি ম্যাচে বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে কাতালানদের। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৪। শিরোপা জয়ের আশা জিইয়ে রাখার জন্য তাই এল ক্লাসিকো জয়ের কোনো বিকল্প নেই বার্সেলোনার। এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোয়ে ২-১ গোলে জয় পেয়েছিল বার্সা। কিন্তু সেটা ছিল নিজেদের মাঠে। আগামী সপ্তাহের ম্যাচটি বার্সেলোনাকে খেলতে হবে বার্নাব্যুতে গিয়ে। তাই ম্যাচট কঠিনই হতে যাচ্ছে ধরে নিয়েছেন মেসি, ‘এটা খুবই কঠিন একটা ম্যাচ। কিন্তু আমরা ভালো ফলাফলের আশাই করছি। শিরোপা জয়ের দৌড়ে ফেরার জন্য আমরা রিয়াল মাদ্রিদকে হারাতে চাই। আমাদের লক্ষ্য মৌসুমের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া।’

চোট সমস্যা পুরোপুরিই কাটিয়ে উঠেছেন বলে জোর দাবি তাঁর, ‘আমার মনে হয়, আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। আমি নিজের ছন্দ ফিরে পেয়েছি। খুবই ভালো লাগছে। ইনজুরির পর আবারও আমি নিজের সেরাটা ফিরে পাচ্ছি।’ গোল ডটকম