এবার ওয়াটসনকে নিয়েও শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা দুয়ারে কড়া নাড়ছে। আর এই সময়ে একের পর এক খারাপ সংবাদ শুনতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। চোটের কারণে ফাস্ট বোলার প্যাট কামিন্সকে পুরো মৌসুমের জন্যই হারানো দলটি গত দুই দিনে শুনেছে আরও দুটি দুঃসংবাদ। পরশু রিকি পন্টিং আর কাল শেন ওয়াটসন চোটের কারণে শেফিল্ড শিল্ডের ম্যাচ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। ৯ নভেম্বর শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্টের আগে তাঁরা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না অস্ট্রেলিয়ার এখন শঙ্কা এটাই।কাল ব্রিসবেনে কুইন্সল্যান্ডের বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের হয়ে মাত্র এক ওভার বল করার পরই মাঠ ছেড়ে যান অলরাউন্ডার ওয়াটসন। বাঁ পায়ের মাংসপেশির ব্যথাটা বেড়ে যাওয়ায় তাঁর রাজ্য ও জাতীয় দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে আলোচনা করেই মাঠের বাইরে যান ওয়াটসন। এরপর হাসপাতালে গিয়ে স্ক্যানও করাতে হয়েছে। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক অনেক দিন ধরেই ভুগছেন পায়ের এ সমস্যায়। এই চোটের কারণেই গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা শেষ না করেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি থেকেও আগেভাগে ডেকে পাঠিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এএফপি।শুক্রবার হ্যামস্ট্রিংয়ের সমস্যায় তাসমানিয়া-সাউথ অস্ট্রেলিয়া ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন মিডল-অর্ডারের ভরসা রিকি পন্টিং।