
ম্যাচ শেষ হওয়ার আধঘণ্টা পরও জ্বলছিল আবাহনী গ্যালারির ফ্লাডলাইট। ঝলমলে আলোতেও আলী আকবর পোরমুসলিমির মুখে রাজ্যের অন্ধকার। সংবাদ সম্মেলন শেষে মাথা নিচু করে ড্রেসিংরুমের দিকে হেঁটে যাওয়া আবাহনীর ইরানি কোচ যেন নিঃসঙ্গ শেরপা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে ১-০ গোলের হার সমর্থকদের পাশাপাশি ভেঙে দিয়েছে কোচের হূদয়ও। স্বাধীনতা কাপের সেমিফাইনালের পর লিগেও আবাহনী হারল মোহামেডানের কাছে।
আবাহনী-মোহামেডান ম্যাচের আগের সেই উত্তাপ হয়তো নেই। তবে লিগ টেবিলে কালকের ম্যাচটা দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। এমন ম্যাচকেই আবারও নায়ক হতে বেছে নিলেন গোলের মধ্যে থাকা মোহামেডানের তরুণ স্ট্রাইকার ওয়াহেদ। তাঁর একমাত্র গোলেই আবাহনীর বিপক্ষে মূল্যবান জয় নিয়ে কাল বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়ল মোহামেডান।
এক ম্যাচ আগেই উত্তর বারিধারার বিপক্ষে শেষ মিনিটে মোহামেডানকে জয় এনে দেন ওয়াহেদ। বিজেএমসি ম্যাচেও গোল পেয়েছিলেন। টানা তৃতীয় ম্যাচে গোল করে সিলেটের তরুণ হয়ে উঠলেন মোহামেডানের আশার প্রতীক। আবাহনীকে টেনে নেওয়ার মতো এমন কোনো তরুণ মাঠে জ্বলে উঠতে পারছেন না। সুজন, মিশু, প্রাণতোষ, শাহেদরা অনেকটাই নিষপ্রভ! কাল ম্যাচে যতই সময় গড়িয়েছে, আবাহনীর ধার কমেছে পাল্লা দিয়ে।
অথচ প্রথম ১৫ মিনিটে আবাহনীই ঝলক দেখিয়েছে। আক্রমণে আক্রমণে মোহামেডান তখন দিশেহারা। তিনটি সহজ সুযোগ নষ্ট করেছেন সুয়ারেস, শাহেদ ও মরিসন। কিন্তু সুযোগ হারায়নি মোহামেডান। কোচ ক্যাপেলা রক্ষণাত্মক কৌশলের আড়ালে এই মৌসুমে ‘নেতিবাচক’ ফুটবল খেলাচ্ছেন মোহামেডানকে, এমন সমালোচনা অনেকের মুখেই। প্রতি-আক্রমণে একটা গোল করে সেটি ধরে রাখতে করণীয় সবই করছে সাদা-কালোরা। এগিয়ে গিয়ে মোহামেডানের রক্ষণ যেন চীনের প্রাচীর। আহত হওয়ার ভান করে খেলোয়াড়েরা মাঠে সময় অপচয় করেন। গত ম্যাচে বিজেএমসির সঙ্গে হার বাদ দিলে এই চিত্রনাট্যেই দিন শেষে সফল মোহামেডানের পর্তুগিজ কোচ রুই ক্যাপেলা।
প্রতি-আক্রমণ থেকেই কাল মোহামেডান এগিয়ে যায় ৪২ মিনিটে। হার্ডি পিন্টোর বাড়িয়ে দেওয়া বল আগুয়ান গোলরক্ষক সোহেলের মাথার ওপর দিয়ে জালে পাঠান ওয়াহেদ। মৌসুমজুড়ে গোল-খরায় ভোগা আবাহনী পারল না সেই গোল ফেরতে দিতে। স্ট্রাইকাররা ছন্দে নেই। চোটও আবাহনীর চলার পথে বড় বাধা। কাল ডিফেন্ডার সুজনকে চোটের কারণে উঠে যেতে হলো মাঝপথেই। সৈকত ও মিশু দু-একবার বক্সের ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছেন।
পিছিয়ে পড়েও কখনো ম্যাচে ফেরার মতো আক্রমণ তৈরি করতে পারেনি আবাহনী। তবে মোহামেডান নিজেদের কৌশলে ছিল বেশ সফল। রক্ষণ ঠিক রেখে আক্রমণে উঠেছে। যদিও শেষ পর্যন্ত ব্যবধান বাড়াতে পারেনি। তাতে কী? দিন শেষে তো ৩ পয়েন্ট নিয়েই ফিরেছে মোহামেডান।
এই জয়ে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আবাহনীর আরও কাছাকাছি চলে এসেছে সাদা-কালোরা। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেই মোহামেডান। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট ২৫। ৩১ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে সবার ওপরে।
আবাহনী: সোহেল, সুজন (সৈকত), প্রাণতোষ, শাহেদ, জামাল (তৌহিদ), নাসির, ইব্রাহিম, মিশু, সামনিক, মরিসন, সুয়ারেস।
মোহামেডান: টিটু, তপু বর্মণ, বেইবেক, ফেলিক্স, ওয়াহেদ (সোহাগ), হেমন্ত, সবুজ, অরূপ, পিন্টো, জোঙ্গো, এমিলি।
আজকের খেলা
বিজেএমসি-উত্তর বারিধারা
(বিকেল ৫-৩০ মি, বঙ্গবন্ধু স্টেডিয়াম)