এবার ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব করেই জয়টা চাইছিলেন আর্সেন ওয়েঙ্গার। লিভারপুলের কাছে ৫-১ গোলে হারের ক্ষতটা এমনিতেই টাটকা। সেটা না শুকাতেই সামনে সেই লিভারপুল। তবে শুধু প্রতিশোধের উপলক্ষের চেয়েও বেশি ছিল ম্যাচটি। ২-১ গোলে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে হোসে মরিনহোকে একটা জবাবও দিতে পারলেন আর্সেনাল কোচ।
দুই কোচ মরিনহো-ওয়েঙ্গারের ‘ইটপাটকেল’ বিনিময়ে ইংলিশ ফুটবল এখন উত্তপ্ত। কদিন আগেই মরিনহো বলেছেন, ‘ওয়েঙ্গার একজন ব্যর্থতা-বিশারদ।’ নয় বছর ধরে ট্রফি না-পাওয়া আর্সেনাল কোচকে পরিষ্কার খোঁচা দিয়েছেন চেলসি কোচ।
কিন্তু এমন আক্রমণের জবাব না দিয়ে দুই দিন মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। পরশু জানিয়ে দিলেন মরিনহোকে জবাব দেওয়ার মতো রুচি তাঁর নেই, ‘আমি কখনোই সংবাদ সম্মেলনে (মরিনহো) এসব নিয়ে কথা বলিনি। এমন অরুচিকর মন্তব্য নিয়ে আমি কিছু বলতেও চাই না। তবে একটা কথাই আমি বলতে পারি, এটা যতটা না আমার জন্য, তার চেয়ে বেশি বিব্রতকর চেলসির জন্য।’
২০০৫ সালে যে ট্রফিটা ছিল আর্সেনালের সর্বশেষ সুখের স্মৃতি, পরশু সেই এফএ কাপটা জয়ের দিকেই আরেকটু এগোল আর্সেনাল। তবে পরশুর জয়ের গায়ে বিতর্কেরও দাগ ছিল। সুয়ারেজকে করা চেম্বারলেইনের একটা চ্যালেঞ্জে পেনাল্টি দেননি রেফারি হাওয়ার্ড ওয়েব। ম্যাচ শেষে লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স উগরে দিয়েছেন ক্ষোভ, ‘আমার মনে হয় সেরা দলটিই হেরেছে। আমরা পেনাল্টিটা না পেয়ে খুবই হতাশ, পরিষ্কার পেনাল্টি ছিল এটা। সম্ভবত প্রথমটার চেয়েও পরিষ্কার ছিল এটা।’ ওই পেনাল্টিটা পেলে ২-২ গোলে সমতা নিয়ে আসতে পারত লিভারপুল। এর আগে চেম্বারলেইন ও পোডলস্কির গোলে এগিয়ে যায় আর্সেনাল। পরে পেনাল্টি থেকেই ব্যবধান কমান স্টিভেন জেরার্ড।
ওয়েঙ্গার খুশি দল ঘুরে দাঁড়ানোয়, ‘বিশাল পরাজয়ের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি তাতে আমি খুবই খুশি।’ এএফপি।