এবার কথার ঝড় আফ্রিদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাও ব্যাটিংয়ের মতোই। কথা বলেন ঝড়ের বেগে। মিশে থাকে অস্থিরতা। প্রায়ই খেই হারিয়ে ফেলেন, প্রশ্নের উত্তর ঠিক একই পথে হাঁটে না। ব্যাটিংয়ের মতো তাঁর কথাও রং বদলায় ক্ষণে ক্ষণে, পূর্বানুমান মানে এখানে বোকামির চূড়ান্ত। কখনো কখনো ব্যাট হাতে তাঁর ছক্কাগুলোর মতোই চালিয়ে দেন কথার চাবুক। কাল যেমন তেমনই এক চাবুক চালালেন ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নে।
সেই ২০০৮ সালে প্রথম আসরের পর পাকিস্তানি ক্রিকেটারদের আর নেওয়া হয়নি আইপিএলে। এ নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের চাপা ক্ষোভটা প্রকাশ্য হয়ে উঠে মাঝেমধ্যেই। বিশেষ করে আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমলদের—আইপিএলের বাজারে যাঁদের হওয়ার কথা ছিল ‘হটকেক।’ গত ৫ বছরে অনায়াসেই কামিয়ে নিতে পারতেন ৩-৪-৫ মিলিয়ন ডলার। ‘প্রফেসর’ হাফিজ তো কিছুদিন আগে আইপিএলকে ‘ক্রিকেট-শিক্ষার দারুণ ক্ষেত্র’ আখ্যায়িত করে আক্ষেপ করেছেন বঞ্চনার জন্য। আফ্রিদি জানিয়ে রাখেন আইপিএল দ্বার উন্মোচনের দাবি। এদিকে বয়স তো আর থেমে থাকে না। ব্যাংক অ্যাকাউন্টে অঝোর ধারায় কড়কড়ে ডলার ঢালার সম্ভাবনা কমে আসছে একেকটি দিন যাওয়ার সঙ্গে সঙ্গে। কাল এই ভারতীয় সাংবাদিক আইপিএল প্রসঙ্গ তুলতেই ভেতরের ক্ষোভটা যেন বেরিয়ে এল, ‘আমাকে জিজ্ঞেস করছেন কেন, যান আপনাদের ভারত সরকারকে গিয়ে জিজ্ঞেস করুন!’
একজন সাংবাদিকের পক্ষে ভারত সরকারের কাছে গিয়ে জিজ্ঞাসা করা একটু কঠিন। বেচারা সাংবাদিক তাই এই টুর্নামেন্টে থাকতে চাইলেন। মহেন্দ্র সিং ধোনি থাকলে কী হতে পারত, না থাকায় কী হচ্ছে এসব এবারের এশিয়া কাপে ভারতীয় সাংবাদিকদের প্রিয় প্রশ্ন। ভারত-পাকিস্তান ম্যাচে ধোনি থাকলে ফলাফল অন্য রকম হতে পারত কি না, এই প্রশ্নে সপাটে ছক্কা হাঁকিয়ে দিলেন, ‘ধোনি কি বোলার নাকি? ও আচ্ছা!’
তবে মারে একটু জোর বেশি হয়েছে বুঝেই হয়তো পরক্ষণে কিছু ফরোয়ার্ড ডিফেন্স খেললেন, ‘ধোনি যেভাবে দলকে নেতৃত্ব দেয়, কোনো সংশয় নেই তা দারুণ। আমি সব সময়ই ধোনির অধিনায়কত্বের গুণমুগ্ধ। ধোনি থাকলে দলের সমন্বয়টাও ভালো হয়। তবে এটাও মনে রাখতে হবে, ক্রিকেটে কোনো খেলোয়াড় একদিন জ্বলে ওঠা মানে দিনটি তারই। ভারত-পাকিস্তান ম্যাচে সব সময়ই হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচ শেষের আগমুহূর্ত পর্যন্ত বলা মুশকিল কে জিতবে। এ ধরনের ম্যাচে যেকোনো কিছুই হতে পারে।’
ভারতের বিপক্ষে ছক্কা মেরে দলকে ১ উইকেটে জিতিয়ে আফ্রিদি অনেককেই মনে করিয়ে দিয়েছেন জাভেদ মিয়াঁদাদের কীর্তি। নিজে কীভাবে দেখেন এই তুলনা? এবার তাঁর মুখে দেখা গেল হাসির রেখা, তবে তুলনার ভারটা প্রতিপক্ষের ওপর চাপিয়ে যেন বাড়াতে চাইলেন যন্ত্রণার বোঝা, ‘ছক্কাগুলোকে কীভাবে নেবে, সেটা ভারতীয় দলের ব্যাপার!’
ক্যারিয়ার-প্রবাহ বলে আফ্রিদির ব্যাট থেকে এমন ইনিংস আসে কালেভদ্রে। কিন্তু এবার টানা দুই ম্যাচে দুর্দান্ত দুটি ম্যাচজয়ী ইনিংস খেলেছেন আফ্রিদি, ভারতের পর জিতিয়েছেন বাংলাদেশের বিপক্ষেও। চাপ-টাপ জাতীয় ব্যাপারগুলো তাঁকে কাবু করে না একটুও, ‘চাপের মধ্যে ব্যাট করতে নামা আমার কাছে নতুন কিছু নয়। ব্যাটিং পজিশনের কারণেই প্রায়ই আমাকে ব্যাটিং করতে হয় এমন সময়ে যখন ওভারপ্রতি প্রয়োজন হয় ৯-১০ রান।’
দুটি ইনিংসের তুলনায় যেতে রাজি হলেন না। তবে দুটি জয়কেই বললেন বিশেষ কিছু। সেটার কারণ অবশ্য জানাতে চাইলেন না, ‘আমি জানতাম পাকিস্তানের জন্য দুটি ম্যাচ জেতাই ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক কারণই আছে, তবে সেসব আমি বলতে চাই না। শুধু আবারও বলছি, আমার দেশের জন্য ভারত ও বাংলাদেশের বিপক্ষে জয় দুটি ছিল গুরুত্বপূর্ণ।’
ভারতের সঙ্গে জয়ে উচ্ছ্বাসের কারণ যে ঐতিহাসিক বৈরিতা, সেটি সহজেই অনুমানযোগ্য। কিন্তু বাংলাদেশ? তবে কি, দুই দেশের ক্রিকেট বোর্ড আর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের দিকে ইঙ্গিত করলেন আফ্রিদি? সেটা হোক বা না হোক, ‘মিরপুরের গ্যালারির অকুণ্ঠ সমর্থনের জন্য’ বাংলাদেশের মানুষদের যখন ধন্যবাদ জানালেন, তা যেন জাতি হিসেবে আমাদের দৈন্যকেই ভ্রুকুটি করল আরেকবার।