এবার কনডনের বোমা
ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে প্রথম তোলপাড় গত শতকের মধ্য নব্বইয়ে। সেলিম মালিকের বিরুদ্ধে মার্ক ওয়াহ ও টিম মের অভিযোগ নিয়ে। স্পট ফিক্সিংয়ের সঙ্গে আমজনতার পরিচয় তো এই সেদিন, বাট-আমিরদের ঘটনায়। কিন্তু একজনের দাবি, ক্রিকেটে ফিক্সিং হয়ে আসছে আশির দশক থেকেই। শুধু পাকিস্তান নয়, এর সঙ্গে জড়িত ক্রিকেটের সব প্রধান দেশই। আর স্পট ফিক্সিংয়ের সূত্রপাত ২০০৩ বিশ্বকাপে। যিনি বলছেন, তাঁর কথাকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। কারণ তিনি আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান পল কনডন!২০০০ সালে এই কনডনের হাত ধরেই জন্ম আইসিসির দুর্নীতি দমন বিভাগের। লন্ডন মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান দায়িত্বে ছিলেন বছর দশেক। বাট-আসিফ-আমিরদের স্পট ফিক্সিং কাণ্ডের পর গত প্রায় দেড় বছরের তোলপাড় করা সময়ে খুব একটা শোনা যায়নি কনডনের কণ্ঠ। কিন্তু লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো বোমাই ফাটালেন এই ৬৪ বছর বয়সী, ‘নব্বই দশকের শেষ দিকে টেস্ট ও বিশ্বকাপের ম্যাচ নিয়মিতই পাতানো হতো। ম্যাচ পাতানোয় অনেক দেশই জড়িত ছিল এবং নিশ্চিতভাবেই ভারতীয় উপমহাদেশের বাইরের দেশও ছিল এর মধ্যে। প্রতিটি আন্তর্জাতিক দলেই কোনো না কোনো পর্যায়ে এমন কেউ ছিল, যে অদ্ভুত কিছু করেছে। নব্বই দশকের শেষ দিকে খেলা ক্রিকেটারদের পুরো প্রজন্মই কী হচ্ছে তা নিশ্চিতভাবেই জানত, কিন্তু কেউই কিছু করেনি।’কনডনের দাবি, ক্রিকেটে ফিক্সিংয়ের শুরু আশির দশকে, ইংলিশ কাউন্টির ৪০ ওভারের প্রতিযোগিতা সানডে লিগ ও প্রথম শ্রেণীর ক্রিকেটে। কীভাবে ফিক্সিং হতো, সেটার একটা উদাহরণও দিয়েছেন কনডন, ‘আপনি যদি ‘এ’ দল হন এবং সানডে লিগে খুব ভালো অবস্থায় থাকেন আর আমি যদি ‘বি’ দলের অধিনায়ক হই এবং আমার দলের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে আমি এমন কিছু করতে পারি যাতে আপনি পুরো পয়েন্টই পেয়ে যান।’ক্রিকেটে ম্যাচ পাতানো বহু পুরোনো সমস্যা হলেও প্রশাসকের প্রথম টনক নড়ে ২০০০ সালে ক্রনিয়ে-কেলেঙ্কারির পর। সে সময়টা মনে করিয়ে দিয়েছেন কনডন, ‘খেলাটার ভাবমূর্তি সংকটে পড়ে গিয়েছিল, স্পনসররা মুখ ফিরিয়ে নিচ্ছিল, অর্থ ফেরত চাইছিল।’ এ অবস্থা থেকে উত্তরণে আইসিসি কনডনকে বোর্ড সভায় ডেকে নিয়ে যেকোনো মূল্যে ২০০৩ বিশ্বকাপটা ফিক্সিংমুক্ত রাখার ব্যবস্থা নিতে বলে। সেই বিশ্বকাপে ম্যাচ পাতানো ঠেকাতে সফল হয়েছিলেন বলেই কনডনের দাবি। এ কারণেই সে সময় স্পট ফিক্সিংয়ের জন্ম বলেও তাঁর বিশ্বাস। একটি ম্যাচের দুটি ওভারকে ঘিরে দুর্নীতি দমন বিভাগের সন্দেহও হয়েছিল, কিন্তু কিছু প্রমাণ করা যায়নি।কনডন কথা বলেছেন বাট-আমিরদের ঘটনা নিয়েও। আমিরের প্রতি সহানুভূতি থাকলেও তাঁর মতে শাস্তিটাও ঠিক আছে, ‘আমির সহজ-সরল এক তরুণ। কাউকে যদি এমন এক পরিবেশে ফেলে দেওয়া হয়, যেখানে অধিনায়কের কথা না শুনলে ভবিষ্যৎ ক্যারিয়ার সংকটে পড়ে যাবে এবং টিম ম্যানেজমেন্টের কারও কাছে সেটা বলার উপায় নেই, সে ক্ষেত্রে কম বয়সী ছেলেটির জন্য দুঃখ প্রকাশ করতেই হয়। তার মানে এই না যে, প্রতীকী শাস্তি তার প্রাপ্য নয়। একমাত্র ওর জন্যই আমার কিছুটা সহানুভূতি আছে। তবে ক্রিকেটকে পরিচ্ছন্ন করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে।’সেই দৃষ্টান্তমূলক শাস্তি যে হয়েছে, তাতেও ভূমিকা আছে কনডনের। খেলাধুলায় প্রতারণাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে ইংল্যান্ডে ২০০৫ সালে যে ‘গ্যাম্বলিং অ্যাক্ট’ প্রণয়ন করা হয়েছে, সেটির জন্য কনডন ব্রিটিশ সরকারকে একরকম চাপাচাপিই করে গেছেন অনেক দিন। এই আইনের কারণেই বাট-আসিফ-আমির এখন জেলে। ওয়েবসাইট।