প্রেসবক্সের নিচে ঢাকাস্থ সৌদি দূতাবাসের একদল শিশু-কিশোর। ছোট-বড় পতাকা হাতে সারাক্ষণই দলকে উৎসাহ দিল। মাঠে সৌদি তরুণেরাও জবাব দিতে কার্পণ্য করেনি। এরই পরিণতি—ইরাকের পর বাংলাদেশের জালে সৌদি আরবেরও গোল-উৎসব।মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইরাকের কাছে ৬-০ হার। যদিও স্কোরলাইন ১৫-০ হলেও অবাক হতেন না কোচ নিকোলা ইলিয়েভস্কি। সেই তুলনায় কালকের সন্ধ্যার ৪-০ হারকে মোটামুটি সহনীয়ই বলতে হয়!ইরাক ম্যাচটা বাংলাদেশের চোখ ভালো করেই খুলে দিয়েছিল। অন্যরা পরিকল্পনা নিয়ে কোথায় এগিয়ে গেছে, আর এএফসির বয়সভিত্তিক ফুটবলে লাল-সবুজের দল এখন বড় দলের গোল-বন্যার লক্ষ্যবস্তু। একটা সময় এতটা ব্যবধান দেখা যেত না। এই এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল দেখাচ্ছে, বাফুফের উদাসীনতা আর উপযুক্ত প্রস্তুতির অভাবে বাংলাদেশের তরুণদের বড় দলের সঙ্গে লড়াই করার ক্ষমতাই নেই।তবু ‘হারের আগে হারব না’ প্রতিশ্রুতি ছিল ইলিয়েভস্কির কণ্ঠে। কিন্তু প্রতিপক্ষের জয়ক্ষুধার কাছে সেই প্রতিশ্রুতিতে কাজ হয়নি। ইরাককে প্রথমার্ধে দুই গোলের বেশি করতে দেয়নি বাংলাদেশ। সৌদি আরব প্রথমার্ধে করে নিয়েছে তিনটি গোল। ম্যাচটা ওখানেই শেষ।ফুটবল গতির খেলা। বাংলাদেশ অনেক ভুল পাস করেছে। তার ওপর গতিতে পেরে ওঠেনি সৌদি তরুণদের সঙ্গে। নিজেরা বল ধরে দুটি পাস ঠিকমতো করতে পারেনি। তার আগেই প্রতিপক্ষের পায়ে বল জমা দিয়েছে নয়তো প্রতিপক্ষ বল কেড়ে নিয়েছে। ইরাকের মতোই সৌদি আরব এত দ্রুত বাংলাদেশের রক্ষণ ছত্রখান করে বারবার বল নিয়ে ঢুকে পড়েছে যে, প্রতিটি মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি আরেকটা গোল!ব্যক্তিগত নৈপুণ্যেও চোখ কেড়েছেন সৌদি তরুণেরা। ১২ মিনিটে স্ট্রাইকার আলমুআলাদ বক্সের বাইরে থেকে দূরের পোস্ট ঘেঁষে দুর্দান্ত শটে যেভাবে বল জালে পাঠিয়েছেন, দেখার মতো। বিরতির ঠিক আগে নওয়াফের পাসে সেই আলমুআলাদের শটে ৩-০ হওয়ার আগে দ্বিতীয় গোলটা করেছেন আরেক স্ট্রাইকার সালেহ। ৩২ মিনিটে বাসালের ক্রসে তাঁর হেডে লক্ষ্যভেদ।একাদশে এদিন তিনটি পরিবর্তন এনেছিলেন ইলিয়েভস্কি (তিন ম্যাচে দল পেল তিন অধিনায়ক!)। ৫১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন বাংলাদেশ দলের বদলি মিডফিল্ডার রাসেল। ১০ জনের দল হয়েও ২৯ মিনিট সৌদি আরবকে গোলবঞ্চিত রাখা গেছে। কিন্তু ৮০ মিনিটে বদলি স্ট্রাইকার জাবেরের টোকায় ৪-০ হওয়াটা সৌদি আরবের ক্রমাগত আক্রমণেরই ফসল। সুযোগ নষ্ট না করলে গোল তো হয় আরও বেশি!যা-ই হোক, বাংলাদেশ অন্তত মালদ্বীপের চেয়ে এগিয়ে। মালদ্বীপ বাংলাদেশের কাছে ৩ গোল হেরে ওমানের কাছে খেয়েছে চার গোল। কাল ইরাক ৯-০ গোলে মালদ্বীপকে বিধ্বস্ত করেছে। তিন ম্যাচে মালদ্বীপের জালে ১৬ গোল! বাংলাদেশের জালে ১০ গোল। চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষই বাংলাদেশের।